
ঠিক সন্ধ্যা সাতটায় সময় গণনা শুরু করলেন অনুষ্ঠানের উপস্থাপিকা। ১০ থেকে ১ গোনার সঙ্গে সঙ্গে উল্লাসে নেচে উঠল মঞ্চ। তবে সামনে বসে থাকা দর্শকদের মধ্যে তেমন উদ্দীপনা দেখা গেল না। কারণ, বিকেল চারটা থেকে অনেকেই এসে বসে আছেন। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ‘গানমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা শোনার আগেই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাঁরা।
গতকাল ঢাকায় প্রথমবারের মতো শুরু হলো গানমেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) আয়োজিত ১০ দিনব্যাপী গানমেলার উদ্বোধনপর্ব অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যায়। অনুষ্ঠানের শুরুতে এমআইবির সভাপতি এ কে এম আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগীত পরিচালক শেখ সাদী খান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী, মুহিন, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, এমআইবির মহাসচিব শাহেদ আলী, মেলার সমন্বয়কারী সাজেদ ফাতেমী প্রমুখ।
এরপর আনুষ্ঠানিকভাবে গানমেলার উদ্বোধন করেন অতিথিরা। দীর্ঘ বক্তৃতাপর্ব ছিল দর্শকের ধৈর্যের আরেক পরীক্ষা। বক্তৃতার পর সমবেত জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। অবসান ঘটে দর্শকের প্রতীক্ষার। নবীন-প্রবীণ শিল্পীরা পালাক্রমে গেয়ে শোনান তাঁদের জনপ্রিয় গান। মেলামঞ্চে বেশ কয়েকটি নতুন অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। মেলার মাঠে দেশের নতুন-পুরোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গানের সিডি ও ভিসিডি উপস্থাপন করে।
মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন মেলা শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত নয়টা পর্যন্ত।