শিল্পকলায় চার নাটক
প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)-এর চার দিনের নাট্যোৎসব। চার দিনের উৎসবের তৃতীয় দিন ছিল শুক্রবার। এদিন মঞ্চস্থ হয় চারটি নাটক। প্রতিটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন দলটির অধিকর্তা লিয়াকত আলী।
একাডেমির জাতীয় নাট্যশালায় মূল মিলনায়তনে বিকেল চারটা থেকে পরপর তিন নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটক তিনটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য মুজিব মানে মুক্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর ও রথযাত্রা। সন্ধ্যায় একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা সোনাই মাধব।
আজ শনিবার উৎসবের সমাপনী দিনে বেলা ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিন যুগ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে লীলাবতী আখ্যান।