অ্যাক্রিলিক, তেল রং, মিশ্র মাধ্যম ও কোলাজে আঁকা ৩০টি চিত্রকর্ম নিয়ে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমিতে চলছে মনসুর কাযীর চিত্র প্রদর্শনী। এটি তাঁর দ্বিতীয় প্রদর্শনী। শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার বিকেলে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আজ শনিবার রাত আটটা পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন আহমেদ নেওয়াজ, আমিরুল ইসলাম, অধ্যাপক শাহরিয়ার তালুকদার প্রমুখ।
টিআইসিতে চার অধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চার অধ্যায় অবলম্বনে চট্টগ্রামের কথক থিয়েটার মঞ্চস্থ করেছে একই নামের নাটক। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়। চার অধ্যায় কথকের ২৪ তম প্রযোজনা এবং নাটকটির ২০ তম মঞ্চায়ন।
চার অধ্যায় উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন শম্ভু মিত্র। নির্দেশনায় ছিলেন বিক্রম চৌধুরী। নানা ঘাত-প্রতিঘাতের ঘটনায় আবর্তিত হওয়া এ নাটক মঞ্চে সহজভাবে ফুটিয়ে তুলেছেন কথকের কুশীলব শাহীন চৌধুরী, বেদারুল হোসেন, বিক্রম চৌধুরী, কেশব রায়, জানে আলম প্রমুখ। নাটকের প্রযোজনা অধিকর্তা ছিলেন দেবাশীষ ভট্টাচার্য এবং মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন বিক্রম চৌধুরী।