বিগত বছরের সব অপূর্ণতা, গ্লানি, ব্যর্থতা মুছে ফেলে নতুন সম্ভাবনার বাস্তবায়নে বাঙালি উদ্যাপন করতে যাচ্ছে নতুন বর্ষ। গতকাল রোববার ছিল বাংলা বছর ১৪২০-এর শেষ দিন। তাই পুরোনোকে বিদায় জানাতে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে চৈত্রসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে শিল্পকলা একাডেমী ও গ্রুপ থিয়েটার ফেডারেশন।
অনুষ্ঠানের শুরুতে বাঁশিতে সুর তুলে দর্শকদের বিমোহিত করেন হাসান।
এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষ শেষ’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক পর্বে সমবেত সংগীত ‘বৈশাখ এলো বৈশাখ’ পরিবেশন করে বহ্নিশিখা। পুতুলনাচ পরিবেশন করে শিল্পকলা একাডেমীর রেপার্টরি পুতুল নাট্য দল।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সেলিনা আক্তার ও জমসের আলী বয়াতি। একক আবৃত্তি পরিবেশন করেন হাসান আরিফ ও ঝর্না সরকার। সরোদ পরিবেশন করেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। সামিনা হোসেনের পরিচালনায় রায়বেঁশে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সংযাত্রা পরিবেশন করে টাঙ্গাইলের ‘ভাদাইমা’। গম্ভীরা পরিবেশন করে চাঁপাইনবাবগঞ্জের একটি দল। সবশেষে মূকাভিনয় পরিবেশন করে স্বপ্ন দল।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ।