শিল্পকলায় তিন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে বাদ্যযন্ত্র নিয়ে বাদকেরা সারিবদ্ধভাবে বসে আছেন। মাঝখানে একঝাঁক ছেলেমেয়ে রথ টানায় ব্যস্ত। প্রাণপণ চেষ্টা করেও তাঁরা রথের চাকা ঘোরাতে পারছেন না। এভাবে একের পর এক দল বেঁধে অনেকেই এসে রশিতে টান দিচ্ছেন, কিন্তু রথ নড়ছে না। একসময় সমাজের বণিক সম্প্রদায় এল রথ টানতে। তবু রথ নড়ল না। রাজা-প্রজা সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শেষে এল সমাজের নিম্নবর্ণের মানুষ। প্রথমে তাঁদের বাধা দেওয়া হয়েছিল রথের রশিতে হাত লাগাতে। তবে তাঁরাও সিদ্ধান্তে অটল। শেষে সুযোগ দেওয়া হলো তাঁদের রথের রশি টানতে। নিম্নবর্ণের জনগণের নেতা তাঁর দল নিয়ে রথের রশি টানতেই ঘুরতে শুরু করল চাকা। সচল হলো অনড় রথ।লোকনাট্য দলের রথযাত্রা নাটকের দৃশ্য এটি। গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় থিয়েটার আর্ট নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা নাটকটির নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। থিয়েটার আর্ট ইউনিট তাদের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্যোৎসব। ‘রঙ্গ হর্ষে বিংশ বর্ষে’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ উৎসবের গতকাল ছিল অষ্টম দিন। এদিন জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় একসঙ্গে দুটি নাটক। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা নাটকটি গতকালই প্রথম মঞ্চস্থ হয়। এ নাটকের ৪৫ মিনিট পরিবেশনার পর গতকাল একই মঞ্চে লোকনাট্য দল পরিবেশন করে কাজী নজরুল ইসলামের শিল্পী নাটকটি। এর নির্দেশনা দিয়েছেন ফরহাদ জামান। নাট্যোৎসবে গতকাল পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় নাটক পালাকারের নারীগণ। সৈয়দ শামসুল হকের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। আড়াই শ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটকের পটভূমি। পলাশীর যুদ্ধে পরাজিত নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর তাঁর পরিবারের নারীদের বন্দী করা হয়। এ সময় রাজপ্রাসাদের অন্তঃপুরে কী ঘটেছিল এবং বন্দিদশায় নবাব সিরাজউদ্দৌলার নানি, মা ও স্ত্রীর নানা উপলব্ধির কথা নিয়ে সূত্রপাত হয় নাটকের গল্পের। রয়েছে একজন নৃত্যশিল্পীর কথাও। নাটকটির ক্যানভাস অনেক বড়। এই নাটকে নারীদের রাজনৈতিক সচেতনতা, ইচ্ছার স্বাধীনতা ও নারীর মর্যাদার কথাগুলো উঠে এসেছে।উৎসবের নবম দিনে আজ বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর-এর নাটক আওরঙ্গজেব। পরীক্ষণ থিয়েটারে থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চস্থ করবে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস্। পাশাপাশি একাডেমীর সামনে উন্মুক্ত চত্বরে রয়েছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের গান। প্রশান্তর সোনারগাঁশিল্পী প্রশান্ত কর্মকারের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে গুলশান দুই নম্বর সার্কেলের ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির নরডিক ক্লাবে।‘সোনারগাঁ’ নামের একই প্রদর্শনীতে শিল্পী সোনারগাঁর ঐতিহাসিক স্থাপত্যকর্মগুলোকে তুলে এনেছেন। প্রদর্শনী শুরু হয়েছে ১৪ নভেম্বর, চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসবআগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে এই উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে টিএসসি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ছয়টায়। ‘পৃথিবীর সীমানা আমাদের সৃজন-দিগন্ত’ শীর্ষক এই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যলয়ের নাট্যকলা বিভাগ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ইতালি মুতামেন্তি থিয়েটার কোমপ্পনি অংশ নিচ্ছে। উৎসব চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এতে ১৭টি নাটক মঞ্চস্থ হবে। কসমসে রেখার জাদু‘রেখার জাদু’ শীর্ষক ১৬ শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে মহাখালীর নিউ ডিওএইচএসের গ্যালারি কসমসে। গত শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ‘রেখার জাদু’র অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: জামাল আহমেদ, আফরোজা জামিল, অনুকূল মজুমদার, বিপাশা হায়াত, বুদ্ধদেব মণ্ডল, ফারুখ হোসেন, গৌতম চৌধুরী, জমিল আকবর, কামালুদ্দিন, কণক কুমার পাঠক, মাহবুবুল আলম, আসিফ কবির চৌধুরী, রুহুল করিম, সোহেল প্রাণন, সাদিয়া সুলতানা ও সৌরভ চৌধুরী।উদীচীর কর্মিসভা অনুষ্ঠিত‘জেগে আছি অহর্নিশ, অতন্দ্র প্রহর, দেবো না গড়তে ঘাঁটি ভিড়তে নৌবহর’ স্লোগান নিয়ে আগামী ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অষ্টাদশ জাতীয় সম্মেলন। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি পরিষদের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।