শিল্পকলায় দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ ম্যাকবেথ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ ম্যাকবেথ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

নাট্যশালার সিঁড়ির পাশে একটি বিশাল ব্যানার টানানোর কাজে ব্যস্ত কয়েকজন কর্মী। ব্যানারটি মনে করিয়ে দিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন আসন্ন। ওই দিনের কর্মসূচি নিয়েই এ ব্যানার। পাশের দেয়ালে আগে থেকেই অন্য একটি ব্যানার টাঙানো। সেখানে লেখা ‘নাট্যশালায় আজকের নাটক—ম্যাকবেথ।’ এ সংবাদ নিয়ে ওপরে এগিয়ে যাই। পদাতিকের এ নাটকটি আগে দেখা হয়নি।
পদাতিক নাট্য সংসদের প্রযোজনায় শিল্পকলা একাডেমীতে মঞ্চায়ন হলো ম্যাকবেথ-এর ৩০তম প্রদর্শনী। গতকাল নাটকটি মঞ্চায়নের আরেকটি কারণ তহবিল গঠন করা। মঞ্চের আলোকশিল্পী আবদুল মালেকের চিকিৎসায় অর্থ সহযোগিতা প্রয়োজন। গতকাল এ প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ আবদুল মালেকের চিকিৎসার সহযোগিতায় দেওয়া হবে। নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকটি সৈয়দ শামসুল হকের অনুবাদ অনুসরণ করে এগিয়েছে, যার নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
সোমবার বিকেলে নাটক শুরুর আগেই ভিড় দেখা গেল। একদল তরুণ-তরুণী সারি বেঁধে ভেতরে ঢুকছেন। এ দলটির নেতৃত্ব দিচ্ছেন নির্দেশক সুদীপ চক্রবর্তী। তাঁর আরেকটি পরিচয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান। তাঁর কাছ থেকে জানা গেল, এই বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে এসেছেন নাটক দেখতে। নাটক দেখার আগে তাঁরা শিক্ষকের কাছে হাতে-কলমে বুঝে নিচ্ছেন আলো, শব্দ, মঞ্চের নানান কারিগরি বিষয়।
ঠিক সাতটায় শুরু হলো নাটক। শুধু গল্প নয়, পোশাকও বলছে নাটকটি ইংরেজ নাট্যকার শেক্সপিয়ারের। স্কটিশ সেনাপতি ম্যাকবেথ ও সহযোদ্ধা ব্যাংকো যুদ্ধ জয় করে ফিরে আসার পথে একদল রহস্যময় শক্তি তাঁদের পথ রোধ করে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছিল, ম্যাকবেথ হবেন কডোর প্রধান ও পরে রাজা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারেন বিস্তারিত, তাঁর মনে জন্ম নেয় উচ্চাকাঙ্ক্ষা। রাজা ডানকানকে হত্যা করার জন্য লেডি ম্যাকবেথ তাঁর স্বামীকে প্ররোচিত করেন। ম্যাকবেথের বাড়িতে রাজা ডানকান যে রাতে আতিথ্য গ্রহণ করে গভীর ঘুমে অচেতন, সে রাতে তাঁকে হত্যা করেন ম্যাকবেথ। এরপর নাটক এগিয়ে যায় এক অন্য রকম পরিণতির দিকে।
২.
যুদ্ধের দামামা নাট্যশালার মিলনায়তনজুড়ে। নাট্যশালা থেকে বেরিয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকে পড়ি পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। সেখানে চলছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণোৎসব। গতকাল ছিল এ উৎসবের তৃতীয় দিন। সন্ধ্যা সাতটায় আয়োজক নাট্য সংগঠন ব্যতিক্রম নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নাটক ফিরে দেখা। এ নাটকটি রচনা করেছেন চন্দন সেন ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম। আজ উৎসবের শেষ দিন। শেষ দিন লোকনাট্য দল পরিবেশন করবে কঞ্জুস। এ ছাড়া আজ সৈয়দ মহিদুল ইসলাম স্মারক সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এবার এ পদক পাবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।
৩.
জানা গেল, যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী যাত্রানুষ্ঠান। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ২৯ আগস্ট পর্যন্ত বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ২৫টি যাত্রাদলের যাত্রাপালা পরিবেশন করবে।