মেঘনা-তীরবর্তী এক চরে বাস করে হালিমা খাতুন ও শান্তিকুমারী। প্রায় ৪০ বছর ধরে একসঙ্গে থাকার মধ্য দিয়ে এই দুই নারী যেন একে অন্যের জীবনের অচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ধর্মবোধের পার্থক্য তাদের জীবনবোধকে বিচিত্রগামী করলেও ইতিহাসের এক উত্তাল অধ্যায় দুই জীবনকে এক অভিন্ন চৈতন্যে বেঁধে দিয়েছে। তাদের জীবনে আছে গৌরবময় কিন্তু দুঃসহ অতীত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ‘বীরাঙ্গনা’ এই দুই নারী বুকের ভেতরে, দেহের অন্তর্গত রক্তস্রোতে পাকিস্তানি হানাদার ও মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের লালসার দগদগে স্মৃতি ও স্ফুলিঙ্গ বহন করে চলেছে। এই নিয়ে নতুন মঞ্চনাটক বিদেহ । গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির বিশেষ প্রদর্শনী হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি প্রযোজনা বিদেহ। লিখেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। নাটকে দুই নারীর কথোপকথন, দেহভঙ্গি, সংলাপ-প্রলাপের মধ্য দিয়ে হালিমা ও শান্তির পরস্পরবিরোধী অবস্থান চিনে নেওয়া যায়। ফলে দৃশ্যত এক মনোজাগতিক সংকটের অবতারণা ঘটে। হালিমা ভাবে, ইতিহাসের বিষপুরাণ যে নারীর দেহে, সেই কথা নারীকেই আজ বলতে হবে। আবার, শান্তি অভিমানিনী। সে ভাবে, মুক্তিযুদ্ধে শত্রুলাঞ্ছিত এই দেহের মনোজাগতিক বিদীর্ণতাকে লুকিয়ে কেবলই স্বদেশ-সুধায় একদিন মৃত্যু হলেই চুকে যাবে।উৎকণ্ঠার মুহূর্তে আসে এক আগন্তুক তরুণী। উন্মোচিত হয়, মেয়েটি একাত্তরের যুদ্ধশিশু। তরুণীটি দেখতে ঠিক হালিমার মতো। কিন্তু মেয়েটি বলে, তার মা আর বেঁচে নেই। স্মৃতি ও বাস্তবের এক অনিশ্চিত মুহূর্ত রচনা করে মেয়েটি ঘাটে বাঁধা নৌকায় ফিরে যায়। কেননা, এরই মধ্যে হঠাৎ হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে হালিমার। মুক্তিযুদ্ধে অর্জিত যে বাংলাদেশ, সেই দেশমুক্তির স্বপ্নের ভেতরে নারীর এই নিপীড়িত দেহের গল্প নারীর উৎসর্গেরও ইতিহাস।নাটকে হালিমা চরিত্রে অভিনয় করেছেন লাকী ইনাম, শান্তিকুমারী চরিত্রে মোমেনা চৌধুরী। আগন্তুক তরুণী চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিন্হা।ক্লোজআপ ওয়ানেরঅডিশন শুরুশুরু হয়েছে সংগীত প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’।গতকাল সোমবার ছিল ঢাকার অডিশন পর্বের প্রথম দিন। রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে সকল আটটা থেকে শুরু হয় অডিশনের প্রথম পর্বের কার্যক্রম। বিপুলসংখ্যক তরুণ-তরুণী অডিশনে অংশ নেন। ক্লোজআপ ওয়ানের মূল আয়োজক ইউনিলিভার বাংলাদেশ এবং মিডিয়া পার্টনার এনটিভি। চলচ্চিত্র ব্যক্তিত্বদের স্মরণসভা আজবাংলাদেশের চলচ্চিত্রের সদ্য প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণে এক সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অভিনেতা হুমায়ুন ফরীদি, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ, অভিনেত্রী দোয়েল, সুলতানা জামান, কবিতা, অভিনেতা অমল বোস প্রমুখকে নিয়ে স্মৃতিচারণা করবেন দেশের বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্বরা।