শিল্পকলায় নভেরাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাস্কর নভেরার স্মরণসভায় অতিথিরা এক মিনিট নীরবতা পালন করেন। ছবিটি গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা থেকে তোলা l প্রথম আলো
ভাস্কর নভেরার স্মরণসভায় অতিথিরা এক মিনিট নীরবতা পালন করেন। ছবিটি গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা থেকে তোলা l প্রথম আলো

‘কালো শাড়ি পরা একজন নারী আর্ট কলেজের সামনে আড্ডা দিচ্ছিলেন। সঙ্গে বেশ কজন পুরুষ বন্ধু। গলায় রুদ্রাক্ষের মালা, সন্ন্যাসিনীর মতো মাথার ওপর উঁচু করে বাঁধা চুলে তাঁকে মুগ্ধ হয়ে দেখছিলাম আমরা। পঞ্চাশের দশকে ঢাকার রাস্তায় এ এক বিরল দৃশ্য।’ ভাস্কর নভেরা আহমেদের স্মরণসভায় কথাগুলো বলছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। কত আগে নিজ চোখে দেখা গুণবতী এক তরুণী ভাস্করকে স্মরণ করে আপ্লুত হয়ে উঠেছিলেন তিনি।
ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন এই কথাসাহিত্যিক।
গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় বরেণ্য শিল্পী নভেরা আহমেদ স্মরণসভা। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে তাতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ভীষণ আফসোস নিয়ে তিনি বললেন, ‘নভেরা আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রায় সব চেষ্টা সম্পন্ন হয়েই ছিল। পরিকল্পনা ছিল শহীদ মিনারে তাকে নিয়ে একটি অনুষ্ঠান করে তাঁকে সম্মান জানানোর। কিন্তু সেই সময় তিনি দিলেন না, চলে গেলেন।’
শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘অভিমানেই হয়তো দেশ ছেড়েছিলেন নভেরা।’
কোনো শিল্পীর স্মরণসভা জাতীয় সংগীত দিয়ে শুরু করায় কৃতজ্ঞতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। শহীদ মিনারের নকশার রূপকার প্রশ্নে তিনি আবেগ থেকে বের হয়ে বিশ্লেষণের মাধ্যমে সত্য উন্মোচনের আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন স্থপতি রবিউল হোসাইন। স্বাগত বক্তব্য দেন শিল্পকলার চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।