মেঘনার এক চরে বাস করে হালিমা খাতুন ও শান্তি কুমারী। প্রায় ৪০ বছর ধরে একসঙ্গে থাকার মধ্য দিয়ে এই দুই নারী যেন একে অন্যের জীবনের অচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ধর্মবোধের পার্থক্য তাঁদের জীবনবোধকে বিচিত্রগামী করলেও ইতিহাসের এক উত্তাল অধ্যায় দুই জীবনকে এক অভিন্ন চৈতন্যে বেঁধে দিয়েছে। তাদের জীবনে আছে গৌরবময় কিন্তু দুঃসহ অতীত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ‘বীরাঙ্গনা’ এই দুই নারী বুকের ভেতরে, দেহের অন্তর্গত রক্তস্রোতে পাকিস্তানি হানাদার ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের লালসার দগদগে স্মৃতি ও স্ফুলিঙ্গ বহন করে চলেছে। এই নিয়ে মঞ্চনাটক বিদেহ। গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির বিশেষ প্রদর্শনী হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি প্রযোজনা বিদেহ। লিখেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।নাটকে দুই নারীর কথোপকথন, দেহভঙ্গি, সংলাপ-প্রলাপের মধ্য দিয়ে হালিমা ও শান্তির পরস্পরবিরোধী অবস্থান চিনে নেওয়া যায়। ফলে দৃশ্যত এক মনোজাগতিক সংকটের অবতারণা ঘটে। নাটকে হালিমা চরিত্রে অভিনয় করেছেন লাকী ইনাম, শান্তি কুমারী চরিত্রে মোমেনা চৌধুরী। আগন্তুক তরুণী চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিন্হা।এ ছাড়া গতকাল বিকেলে একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল বিকেলে মুস্তাফা মনোয়ারের পরিকল্পনা ও পরিচালনায় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় পাপেট থিয়েটার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি শিশুসহ অভিভাবকদের জন্য উন্মুক্ত ছিল। গতকাল পরিবেশিত পাপেট প্রযোজনার মধ্যে ছিল সাধের লাউ, ষাঁড় ও কপি, বেড়া ও আগাছা।জোটের সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানভাষার মাস ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধের আলোকিত চেতনায় প্রতিবছর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৯৮৪ সালে এই একুশের অনুষ্ঠানমালা দিয়ে যাত্রা শুরু করেছিল জোট। এ ধারাবাহিকতায় গত শুক্রবার থেকে ‘একুশ আছে জয়োদ্ধত/একুশ বাঁচে অবিরত’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে জোটের ১৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা। গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন।জোটের প্রতিষ্ঠা এবং এ আয়োজনের তিন দশক পূর্তি হচ্ছে এ বছর। তাই অনুষ্ঠানসূচিতেও রয়েছে বৈচিত্র্য। দেশের শীর্ষস্থানীয় ২২টি সাংস্কৃতিক সংগঠনের গান, নাটক, আবৃত্তি পরিবেশনার সঙ্গে থাকছে ছয়টি সেমিনার। গতকাল শনিবার বিকেলে দ্বিতীয় দিনের আয়োজনের শুরুতে ছিল সেমিনার। সেমিনারের বিষয় ছিল ‘একুশের চেতনা ও আমাদের নাটক’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মান্নান হীরা। আতাউর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যতত্ত্বের শিক্ষক আফসার আহমেদ ও অভিনয়শিল্পী ত্রপা মজুমদার। স্বাগত বক্তব্য দেন গোলাম কুদ্দুছ। সেমিনারের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি করেন নাসরিন গীতি ও সৈয়দ শহীদুল ইসলাম। দলীয় আবৃত্তি করে স্বরূপ আবৃত্তি সংসদ। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যশ্রী। একক গান শোনান ফকির শাহাবুদ্দিন,আবু বক্কর সিদ্দিক, তানজিলা তমা এবং শহীদ খান। শেষে ছিল ইউনিভার্সেল থিয়েটার ও সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারের পথ নাটক।