শিল্পকলায় নাট্যজনের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে প্রচণ্ড যানজট। প্রখর রোদে পথচলা ক্লান্ত মানুষের পায়ের স্বেদসিক্ত কলেবর। সেই ভিড়ভাট্টা পেরিয়ে খানিকটা স্বস্তি মিলল শিল্পকলা একাডেমীর সিঁড়িতে পা রেখে। নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো পুরো এলাকা। দেশের জনপ্রিয় নাটকের স্থিরচিত্রের পাশাপাশি রয়েছে বেশ কিছু বিদেশি নাটকের ছবি। সন্ধ্যায় পুরো এলাকা সচকিত হলো নানা ধরনের বাদ্যযন্ত্রের ঐকতানে। শুরু হলো ‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শীর্ষক আইটিআই নাট্যোত্সব। গত শীতের পর মাঝে কয়েক দিন কিছুটা স্থবিরতা ছিল নাট্যাঙ্গনে। নিয়মিত নাটকের মঞ্চায়ন হলেও তেমন বড় কোনো উত্সব হতে দেখা যায়নি। গতকাল রোববার পাল্টে গেল চিত্র। রাজধানীর নাট্যমোদীরা আবারও মাতলেন নাট্যোত্সবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু নাট্যদল এসেছে ঢাকায় উত্সব উপলক্ষে। এসেছে দেশের বাইরের আন্তর্জাতিক খ্যাতিমান নাট্যজনেরা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গতকাল আন্তর্জাতিক এই উত্সবের উদ্বোধন করেন আইটিআইয়ের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, আইটিআইয়ের ডিরেক্টর জেনারেল টোবিয়াস বিয়ানকোনে এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন অভিনয়শিল্পী ত্রপা মজুমদার।উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার মঞ্চস্থ করে পায়ের আওয়াজ পাওয়া যায়, পরীক্ষণ থিয়েটারে ভারতের আরশি থিয়েটার মঞ্চস্থ করে মিডিয়া ও স্টুডিও থিয়েটারে শূন্যন মঞ্চস্থ করে লাল জমিন। সব কটি প্রদর্শনীতেই দর্শকের উপস্থিতি ছিল বিপুল। নাট্যোত্সবে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারতের দুটি দলসহ বাংলাদেশের ২১টি নাট্যদলের একটি করে মোট ২৫টি নাটক এ উত্সবে মঞ্চায়িত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মঞ্চ ও স্টুডিও থিয়েটার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক শুরু হবে।এ ছাড়া আগামী বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিল্পকলা একাডেমীর অষ্টম তলায় ১ নম্বর মহড়াকক্ষে ‘চায়নিজ অপেরা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন চুয়া সু পং। ১ জুন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একাডেমীর সপ্তম তলায় সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক নাট্য সেমিনার। বাংলাদেশের অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক ইসরাফিল শাহীন, সিঙ্গাপুরের চুয়া সু পং এবং ইন্দোনেশিয়ার অধ্যাপক পুডেনশিয়া চারটি নির্দিষ্ট বিষয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।