শিল্পকলায় পুতুলনাচের উৎসব
নাগরিক-সমাজে পুতুলনাচকে জনপ্রিয় করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে ‘পুতুলনাচ উত্সব ২০১০’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের এই উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।এই উৎসব আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের উপপরিচালক গোলাম সারোয়ার বলেন, ‘দেশে অর্ধশতাধিক পুতুলনাচের দল রয়েছে। পৃষ্ঠপোষকতার অভাব এবং সীমাবদ্ধতার পরও তারা নিয়মিতভাবে ঐতিহ্যবাহী পুতুলনাচের চর্চা করছে। আমরা চেষ্টা করেছি ঐতিহ্যবাহী পুতুলনাচের চর্চার সঙ্গে সম্পৃক্ত হতে।’তিনি আরও বলেন, ‘আমি মনে করি, পেশাদারিভাবে এ শিল্পের চর্চার জন্য একটি গবেষণাকেন্দ্র হওয়া দরকার। তাহলে ঐতিহ্যবাহী এ শিল্পচর্চা টিকে থাকবে।’জানা গেছে, উত্সব উপলক্ষে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পুতুলনাচ-বিষয়ক সেমিনার। ‘বাংলাদেশের পুতুলনাট্যের বিষয় বৈচিত্র্য ও নন্দন ভাবনা’ শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রশীদ হারুন।একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ৬ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিশুদের জন্য এবং সাড়ে ছয়টা থেকে বড়দের জন্য পুতুলনাচ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে জামালপুর, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১০টি দল পুতুলনাচ পরিবেশন করবে।