ঐতিহ্যবাহী পুতুলনাট্যকে টিকিয়ে রাখতে এবং এই শিল্পের বিকাশে শিল্পকলা একাডেমি ২০০৭ থেকে নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পুতুলনাট্য প্রদর্শনী।
এতে মুনীর চৌধুরীর ‘কুপোকাত’, জসীম উদদীন ও উপেন্দ্রকিশোর রায়ের ‘টুনটুনি ও নাককাটা রাজা’ এবং প্রথম আলোর সাপ্তাহিক রম্য ক্রোড়পত্র রস+আলোর অনুপ্রেরণায় ‘জনৈক গরুর সাক্ষাৎকার’ নাটকগুলো প্রদর্শন করা হবে।
শিল্পকলা একাডেমির উদ্যোগে স্টুডিও থিয়েটারে প্রদর্শনীটি চলবে। বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এটি পরিবেশন করবে।
পুতুলনাট্যের পরিকল্পক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক রশীদ হারুন। ঐতিহ্যবাহী পুতুলনাট্যকে টিকিয়ে রাখা ও একে সমৃদ্ধ করার লক্ষে এই আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
পুতুলনাট্যের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।