শিল্পকলায় প্রাচ্যনাটের ‘কইন্যা’
বাস্তব কোনো ঘটনা নয়, কিংবদন্তিনির্ভর নাটক। আঞ্চলিক ভাষায় সংলাপ। সব দর্শকের তা পুরোপরি বোধগম্যও নয়। তবু মঞ্চে নামানোর পর নাটক কইন্যা বেশ সাড়া ফেলেছিল। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হওয়া প্রদর্শনীতেও উল্লেখযোগ্যসংখ্যক দর্শক উপভোগ করে নাটকটি।সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। কালারুকা নামের জনপদের মানুষ মনে করে, কইন্যা পীর তাদের দেখে রাখেন। বহুকাল আগে তিনি এসেছিলেন এই কালারুকায়, গত হয়েছেন তা-ও বহু যুগ আগে। তবু এমত বিশ্বাস বর্তমান, তাঁর সঙ্গী বহুরূপীকে তিনি রেখে যান ‘খালিবাড়ি’র এক পুকুরে মাছরূপে। খালিবাড়িতে এখন থাকেন নাইওর ও দিলবর দুই ভাই। এভাবেই নানা বাঁক ধরে কইন্যার কাহিনি এগিয়ে যায়।কইন্যা প্রাচ্যনাটের নবম প্রযোজনা। ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি নাটকটি প্রথম মঞ্চস্থ হয় মহিলা সমিতি মঞ্চে।ভারতীয় ছবি মুক্তির প্রতিবাদপবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি মঞ্চ। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এই দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় বাণিজ্যিক ছবির বাজার বিস্তারের জন্য একটি দালালগোষ্ঠী এসব কাজ করতে যাচ্ছে। এতে দেশের চলচ্চিত্রশিল্পকে একটি অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হবে। ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি দেওয়ার উদ্যোগ শুধু বাণিজ্যিক আগ্রাসন নয়, এটি সাংস্কৃতিক আগ্রাসনের অংশ। বক্তারা দেশের সব চলচ্চিত্রকর্মী ও শিল্পী-কলাকুশলীদের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।সমাবেশে বক্তব্য দেন চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম, শর্ট ফিল্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক এন রাশেদ চৌধুরী, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, চলচ্চিত্রনির্মাতা জাঈদ আজিজ, সংস্কৃতিকর্মী অরূপ রাহী প্রমুখ। আলোকচিত্র প্রতিযোগিতাবাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে ‘সুবর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। আলোকচিত্রীরা ১০টি ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবি নিয়ে ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর জাতীয় চিত্রশালায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের ফরম পাওয়া যাবে www.bpsbd.org ওয়েবসাইটে।