শিল্পকলায় বর্ণিল স্বাধীনতা উৎসব

শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়ে আলোর প্রক্ষেপণে অপূর্ব সুন্দর দৃশ্য ফুটে উঠেছিল শিল্পকলা একাডেমির সমগ্র নন্দন মঞ্চে। ভাসমান মঞ্চের চারদিকের ফোয়ারায় এ সময় সৃষ্টি হয় নানা রঙের ব্যঞ্জনা। লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ নানা রঙের ঝলকানি মুগ্ধ করে সমাগতদের। শুধু আলোকচ্ছটা নয়, দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্যে পরিবেশনা ও আলোচনাও ছিল।
গতকাল শুক্রবার একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের নন্দন মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ২৫ মার্চ কালরাত্রি স্মরণে শিল্পকলা একাডেমির ভবনগুলোকে মোমের আলোয় বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। নাচ, গান, কবিকণ্ঠে কবিতা পাঠ, একক আবৃত্তি ও মুক্তিযুদ্ধের নাটক ইত্যাদি দিয়ে সাজানো হয় এই আয়োজন। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য, নৃত্যলোক, বাফা, আওয়ামী শিল্পী গোষ্ঠী। একক আবৃত্তি পরিবেশন করেন সৈয়দ হাসান ইমাম, মাশকুর-এ-সাত্তার, নায়লা তারান্নুম। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন আসাদ চৌধুরী, অসীম সাহা ও কাজী রোজী।
‘আয়রে আমার দামাল ছেলে’, ‘ভয় কি মরণে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘নোঙর তোল তোল’ ইত্যাদি দেশের গান পরিবেশন করেন শিল্পীরা।

একই দিন সকালে খুলনার ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্টক্যাম্প। আর্টক্যাম্পের শিল্পীরা হলেন আব্দুল মান্নান, কৃষ্ণা চট্টোপাধ্যায়, নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, নাসরিন বেগম, দুলাল চন্দ্র গাইন, নজরুল ইসলাম, সমর মজুমদার, কামালুদ্দিন, মো. আলপ্তগীন, আজমীর, তাহমীনা হাফিজ প্রমুখ। আজ স্বাধীনতা দিবসে শেষ হবে দুই দিনের এই আর্টক্যাম্প।