নতুন বছরের প্রথম দিনটি ছিল নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর ৯৪তম জন্মদিন। এ উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী মেলা’। এ আয়োজনে নৃত্যব্যক্তিত্ব আমানুল হককে প্রদান করা হয় বুলবুল স্মারক সম্মাননা। নৃত্য পরিবেশনার সঙ্গে আলোচনায় সাজানো এই মেলার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও বুলবুল চৌধুরীর ভাগনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান হাফিজ রহমান। কথামালায় অংশ নেন নৃত্যশিল্পী রাহিজা খানম, সংস্থার সাবেক সভাপতি লায়লা হাসান, সংস্থার বর্তমান সহসভাপতি গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মীনু হক।আলোচনা শেষে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। নূপুরের ঝংকারে মুখর হয়ে ওঠে মিলনায়তন। পরিবেশিত হয় নানা আঙ্গিকের নৃত্য। এই পরিবেশনায় অংশ নেন নৃত্যলোক, নৃত্যম, নটরাজ, পল্লবী, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, জাগো আর্ট সেন্টার, রেওয়াজ পারফর্মিং আর্টস, বেনুকা ললিতকলা কেন্দ্র, নান্দনিক, স্পন্দন, কত্থক নৃত্য সম্প্রদায়, বাংলাদেশ ব্যালে ট্রুপ, দিব্য, ঘাস ফুল নদী, সুকন্যা, নন্দনকলা কেন্দ্র ও নৃত্যশ্রীর শিল্পীরা।উৎসবমুখর পরিবেশে ছাপচিত্র মেলা শুরুবছরের প্রথম দিনে শিল্পানুরাগীদের জন্য স্বল্পমূল্যে শিল্পকর্ম সংগ্রহের সুযোগ নিয়ে শুরু হলো কিবরিয়ার ছাপচিত্র মেলা। দেশের বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকা আর্ট সেন্টার আয়োজন করেছে পাঁচ দিনের এই ছাপচিত্র মেলা।‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে গত বছর থেকে ঢাকা আর্ট সেন্টার এই মেলার আয়োজন করে আসছে। গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন জাপানের প্রখ্যাত শিল্পী কোইটি তাকিতা। বাংলাদেশের চারুশিল্পের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৫০ বছর পূর্তি হচ্ছে এবার। কোইটি তাকিতা মৃৎশিল্প বিভাগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। তাঁকে এবার অনুষদের পক্ষ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্মাননা দেওয়া হয়েছে। সে উপলক্ষে জাপানের এই প্রবীণ অধ্যাপকের ঢাকায় আগমন। গতকাল তিনি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ কিবরিয়ার সঙ্গে তাঁর কাজ করার স্মৃতিচারণ করেন এবং তাঁর প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশের মৃৎশিল্পকে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বলে উল্লেখ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন আবুল বারক্ আলভী। মেলার প্রেক্ষাপট তুলে ধরেন শিল্পী ওয়াকিলুর রহমান। সভাপতিত্ব করেন শিল্পী রফিকুন নবী। অুষ্ঠানের সঞ্চালনা করেন শিল্পী রশীদ আমিন। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিল্পী নিসার হোসেন এবং ঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর শিল্পী আবুল হোসেন ঢালী ও ফারজানা রহমানকে ধন্যবাদ জানান।ছাপচিত্র মেলায় এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বিভাগ, ইউডার ছাপচিত্র বিভাগ, সফিউদ্দিন বেঙ্গল প্রিন্ট মেকিং স্টুডিও, আতেলিয়ে ৭১, কসমস আতেলিয়ার ৭১, বর্ণিকা প্রিন্ট স্টুডিও, বাংলাদেশ প্রিন্ট মেকার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর প্রায় আড়াই শ শিল্পী অংশ নিচ্ছেন। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।মেলা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরের শিল্পী ও শিক্ষকেরা উপস্থিত হয়েছেন ঢাকা আর্ট সেন্টারে। নিজেদের কাজগুলো প্রদর্শনের পাশাপাশি তাঁরা অন্যদের কাজ দেখছেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আর আড্ডায় মেতে আছেন। দর্শকও সুযোগ পেয়েছেন সারা দেশের শিল্পীদের ছাপচিত্রকলা দেখা ও সংগ্রহের। সব মিলিয়ে বেশ উৎসবমুখর ছিল প্রথম দিনেই মেলার পরিবেশ।বিমূর্ততার মধ্যে জীবনবাদীশিল্পী বীরেন সোম বাংলাদেশের চিত্রকলার ভুবনকে তাঁর সৃজনশীলতায় নানাভাবে আলোকিত করেছেন। একসময় তাঁর জল রং এখানকার চিত্রামোদীদের খুবই আকর্ষণ করেছিল। জল রঙের কাজে তাঁর বিষয় ছিল গ্রামবাংলার সাধারণ জীবন ও নিসর্গ। পরে তাঁর চিত্রকলায় বিমূর্ততার যে ছাপ ছিল, তাতে নিসর্গ ও মানবজীবন নানাভাবে প্রতিফলিত হয়েছে। বিগত দশকগুলোতে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সৃজনশীল মানুষের জন্য খুব সুখকর ছিল না। অথচ সৃজনের আকুলতা নিয়ে সবাই তাঁদের সৃষ্টিতে নবীন মাত্রা সঞ্চারে তৎপর ছিলেন। বীরেন সোমও এ সময় খুব সক্রিয় ছিলেন। ছাত্রজীবনে তিনি সামাজিক অঙ্গীকারের চেতনায় আলোড়িত বাম ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হন এবং মুক্তিযুদ্ধকালে ছবি অঙ্কন, সচিত্রকরণ এবং সাপ্তাহিক পত্রিকার সঙ্গে যুক্ত থেকে নানা কাজ করেন। এসব কাজ শিল্পী বীরেন সোমের সৃষ্টিকে গভীর ঐশ্বর্যময় করে তুলেছিল। বিমূর্তরীতির ৭০টি কাজ নিয়ে গতকাল বছরের প্রথম দিনে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হলো তাঁর অষ্টম একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘বিমূর্ততার মধ্যে জীবনবাদী’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। স্বাগত বক্তৃতা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনী চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।