শিল্পকলায় মনে রাখার মতো বর্ষামঙ্গল

এখন ভরা শ্রাবণ। আজ শনিবার ১৫ শ্রাবণ, গতকাল শুক্রবার ছিল ১৪। শ্রাবণ মানেই বৃষ্টির ধারাপাত। প্রকৃতির সবটুকু বিশ্বাস-ভেজা পথ, অবিরাম বৃষ্টিধারা, বঙ্গোপসাগরের অতি উচ্ছ্বাস, কোথাও কোথাও বন্যারও উপস্থিতি। বন্যা অনাকাঙ্ক্ষিত হলেও কাঠফাটা বৈশাখ-জ্যৈষ্ঠের পর বৃষ্টি সবার কাছেই কাঙ্ক্ষিত। একটা জম্পেশ করে ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠান এ সময়টার জন্যই যেন বরাদ্দ।
শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ কথাগুলোই বারবার মনে পড়ছিল। একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছিল ‘বর্ষামঙ্গল’ শীর্ষক অনুষ্ঠান। বর্ষা বিষয়ক গান পরিবেশন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ঢাকা সাংস্কৃতিক দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা। ছিল একক আবৃত্তিও। গানের সঙ্গে সমবেত নৃত্য। গান, নাচ কিংবা আবৃত্তি—সব পরিবেশনা ছিল বর্ষাকে আশ্রয় করেছে। রবীন্দ্রনাথতো ছিলেনই, জাতীয় কবি নজরুল ইসলামের গানও ছিল শিল্পীদের তালিকায়।

অনুষ্ঠানে বর্ষার গানের সঙ্গে মিল রেখে দলীয় নৃত্য পরিবেশন করে এম আর ওয়াসেক-এর পরিচালনায় নন্দনকলা কেন্দ্র এবং ওয়ার্দা রিহাব-এর পরিচালনায় ধৃতি নত্তর্ণালয়। একক গান শোনান ইয়াসমিন মুশতারী, স্বাতী সরকার, আব্দুস সাত্তার পিনু, মহিউজ্জামান চৌধুরী, মফিজুর রহমান, ফকির সুমন, সালমা আকবর এবং মাহমুদুল হাসান। আবৃত্তি পরিবেশন করেন কৃষ্টি হেফাজ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মোস্তফা।
পুরো আয়োজনটি উপস্থাপনা করেন ডালিয়া আহমেদ। উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল অনুষ্ঠানের শেষ পরিবেশনা পর্যন্ত। সব মিলিয়ে আয়োজনটি মনে রাখার মতো।
