শিল্পকলা একাডেমীর চারদিকে এখন উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে ভিড় করছেন নাট্যকর্মীরা। একাডেমীর বিভিন্ন মঞ্চে তাঁদের নাটক প্রদর্শিত হচ্ছে। ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ নামে এখানে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব সুরাইয়া বেগম, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী জাতীয় নাট্যশালায় মুজিব মানে মুক্তি নাটকটি উপভোগ করেন। নাটকটি পরিবেশনা করে লোক নাট্যদল। উৎসবের পুরো আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সহযোগিতা করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর শিল্পকলা একাডেমীতে প্রবেশ সবার জন্য উন্মুক্ত করা হয়। এ সময় দলে দলে মানুষ সমবেত হয় মুক্তিযুদ্ধকেন্দ্রিক বিভিন্ন নাটক দেখার জন্য। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী জ্যোতিসিংহতা, প্রাচ্যনাট ঢাকা সার্কাস সার্কাস, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ মুক্তিযুদ্ধ এবং একজন ধীরেন্দ্রনাথ, মেহেরপুর সরকারি কলেজ ছয় ডিসেম্বর, ঝিনাইদহের কেশবচন্দ্র মহাবিদ্যালয় রাখাল রাজার স্বপ্ন নাটক পরিবেশন করে। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ভোলা সরকারি কলেজ বীরপালা, রাজশাহী সরকারি কলেজ মুক্তির প্রতিভাস, ফরিদপুর সরকারি রাজেন্দ্র মহাবিদ্যালয় বিজয়ের প্রান্তে নাটক মঞ্চস্থ করে।আজ জাতীয় নাট্যশালায় থিয়েটার আর্ট ইউনিট, ঢাকা পরিবেশন করবে কোর্ট মার্শাল। স্টুডিও থিয়েটারে শেরপুর সরকারি কলেজ সেক্টর-১১: ব্যাঘ্র আক্রমণ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বাবুর পুকুরে গণহত্যা, মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজ একটাই চাওয়া নাটক পরিবেশন করবে।পরীক্ষণ থিয়েটারে নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার ঠিকানা, মানিকগঞ্জের সিঙ্গারাই ডিগ্রি কলেজ বালিকা ও একটি স্বর্ণপশম ভেড়ার নাট্য পরিবেশন করবে। এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বরিশাল ব্রজমোহন কলেজ মুখোশের অন্তরালে, পিরোজপুরের আমানউল্লাহ মহাবিদ্যালয় বনফুলে বিষলতা, রাজবাড়ী সরকারি কলেজ মুখোমুখি নাটক মঞ্চস্থ করবে।এভারেস্ট বিজয়ী দুই নারীকে সংবর্ধনা মেয়ে হয়ে পাহাড়ে চড়বে! অসম্ভব! পদে পদে এ ধরনের বাধা, একধরনের তাচ্ছিল্য নিশাতকে খুব কষ্ট দিত। কিন্তু আজ নারী-পুরুষনির্বিশেষে, বিশেষ করে পর্বতজয়ের ক্ষেত্রে পুরুষ সঙ্গীদের উৎসাহকেই আসল বিজয় বলে মন্তব্য করেন নিশাত মজুমদার। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জল ভরা চোখে ভেজা কণ্ঠে এভাবেই নিজের অভিজ্ঞতা জানান প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে দুই নারী—এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান সংগঠনের সভাপতি আয়েশা খানম। এভারেস্ট-যাত্রায় বিভিন্ন মজার ঘটনা, অভিজ্ঞতা উপস্থিত শ্রোতাদের সঙ্গে বিনিময় করেন দুই নারী পর্বতারোহী। সভাপতি আয়েশা খানম এভারেস্ট বিজয়ীদের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশের তরুণ সমাজকে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। এ সময় আইন ও সালিশ কেন্দ্র, আরডিএসএস, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আইইডি, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, পেশাজীবী নারীসমাজ, আদিবাসী নারী ফোরাম, অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, কর্মজীবী নারী, জাতীয় নারী জোট ও দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধিরা দুই এভারেস্ট বিজয়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।