শিল্পকলায় যন্ত্রসংগীতের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যন্ত্রশিল্পী সম্মিলনের উদ্বোধনীতে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় যন্ত্রশিল্পী সম্মিলনের উদ্বোধনীতে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

রাজধানীতে এমন আয়োজন কি আগে কখনো দেখা গেছে? জাতীয় নাট্যশালার সুবিশাল মঞ্চটি শিল্পীদের উপস্থিতিতে পরিপূর্ণ। সবার হাতে একটি করে বাদ্যযন্ত্র। যন্ত্রের এই মহাসম্মিলনে ঠিক কোন যন্ত্রটি নেই, সেটা গবেষণার বিষয় বটে! প্রাচ্য থেকে পাশ্চাত্য। ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়াম থেকে শুরু করে একতারা, দোতারা, বেহালা, করতাল, গিটার, ড্রামস, কি-বোর্ড, মন্দিরা হাতে সারি বেঁধে বসেছেন অর্ধশতাধিক শিল্পী। একসময় তাঁরা দল বেঁধে মুগ্ধ করলেন মিলনায়তন-ভর্তি দর্শককে। মুগ্ধতা দিয়ে শুরু বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরাম (বিএমএফ) আয়োজিত ‘জাতীয় যন্ত্রসংগীত সম্মিলন ২০১৫’-এর সাংস্কৃতিক পর্ব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বসে যন্ত্রশিল্পীদের এই মিলনমেলা।
অর্কেস্ট্রায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, ‘ও আমার দেশের মাটি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’—এমন সব গানের লহরি ভেসে বেড়াচ্ছিল পুরো এলাকায়।
সম্মিলনের আনুষ্ঠানিকতার শুরু বিকেলেই। ইলশেগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা একাডেমীর সামনের আঙিনা পূর্ণ হয় সারা দেশ থেকে আগত যন্ত্রশিল্পীদের উপস্থিতিতে। বৃষ্টির মাঝেই বের হয় আনন্দ শোভাযাত্রা। সম্মিলনে প্রবীণ যন্ত্রসংগীতশিল্পী শামসুল হককে সম্মাননা দেওয়া হয়। যন্ত্রসংগীতের পর্বটির পরে ছিল কণ্ঠসংগীত। দেশের স্বনামধন্য শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন।
আলোচনা সভায় অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহমেদ ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিএমএফের সভাপতি খ্যাতিমান বংশীবাদক গাজী আবদুল হাকিমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবু চৌধুরী।