শিল্পকলায় যাত্রাপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কলঙ্কিনী কেন কঙ্কাবতী’র দৃশ্য  ছবি: প্রথম আলো
‘কলঙ্কিনী কেন কঙ্কাবতী’র দৃশ্য ছবি: প্রথম আলো

‘একটা সময় মনে হয়েছিল যাত্রাশিল্প নির্বাসনে গেছে। শহরে, এমনকি গ্রামেও যাত্রা নিয়ে বড় আয়োজন কম হতো। ছিল না সরকারি পৃষ্ঠপোষকতা। আজ মনে হচ্ছে, যাত্রার কদর নগরজীবনে কমেনি। এ শিল্প হারিয়ে যাবে না।’
গতকাল শুক্রবার যাত্রা গবেষক এম এ মজিদ এ মন্তব্য করলেন শিল্পকলা একাডেমীতে যাত্রা প্রদর্শনীতে এসে। তাঁর মতো অনেক যাত্রা অনুরাগী আশাবাদী হয়েছেন একাডেমীর যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও যাত্রা দল নিবন্ধন কার্যক্রমে। এ কার্যক্রমের অংশ হিসেবে চার দিনব্যাপী অনুষ্ঠিত হলো যাত্রা প্রদর্শনী। এটি শুরু হয়েছিল ৮ অক্টোবর, গতকাল শুক্রবার ছিল প্রদর্শনীর শেষ দিন। একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে যাত্রা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ২৭টি দল অংশগ্রহণ করে।
গতকাল শেষ দিন পাঁচটি পালা পরিবেশিত হয়।
সমাপনী দিনের পালাগুলোর মধ্যে ছিল টঙ্গী গাজীপুর সোনালি অপেরার আলোমতী প্রেম কুমার, বনফুল অপেরার সূর্য সাক্ষী, বরিশালের নিউ রংধনুর ডাইনি বধূ, নেত্রকোনার বন্ধন নাট্য সংস্থার কলঙ্কিনী কেন কঙ্কাবতী ও গাইবান্ধার জোনাকি অপেরার মমতাময়ী মা। শেষ দিন বিচারক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আফসার আহমেদ।