সন্ধ্যা নেমেছে। রাজপথ থেকে ভেসে আসা যানবাহনের আওয়াজ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে এসে পৌঁছলেও পরীক্ষণ থিয়েটারের ভেতরে অখণ্ড স্তব্ধতা। রাজকীয় পোশাক গায়ে চড়িয়ে কয়েকজন শিল্পী পায়চারি করছেন মঞ্চের পেছনে। একসময় বেজে উঠল ঢোল, তবলা, বাঁশি ও হারমোনিয়াম। সমবেত সুরের ঝংকারে জেগে উঠে সচকিত হলো মিলনায়তন। এভাবেই শুরু হলো যাত্রাপালা সতী করুণাময়ী।গতকাল বৃহস্পতিবার এখানে মিলন কান্তি দের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে ব্রজেন্দ্র কুমার দে রচিত যাত্রাপালাসতী করুণাময়ী মঞ্চস্থ করে মানিকগঞ্জের ‘লোকনাট্য গোষ্ঠী’।বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় যাত্রা উৎসবে শ্রেষ্ঠ অভিনেতা-নির্দেশকের পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুলতান সেলিম অসুস্থ। জটিল রোগে আক্রান্ত এই শিল্পী এখন চলনশক্তিহীন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার সহায়তায় তহবিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় ছিল যাত্রাপালাসতী করুণাময়ীর মঞ্চায়ন।অন্যপ্রকাশের বইমেলাস্টলে বসে নিজের বইয়ে স্বাক্ষর দিচ্ছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন ভক্তপাঠক। একপাশে রাখা আছে ১৫টি রঙিন বেলুন। গাছে গাছে ঝুলছে সবুজ বৃত্তাকার কাগজ, চারদিকে শোভা পাচ্ছে নানা রঙের ব্যানার। তাতে লেখা ‘অন্যপ্রকাশের ১৫ বছর/ অন্যপ্রকাশের একক বইমেলা’। দৃশ্যটি কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরের। উপলক্ষ, ১৫তম বর্ষে পদার্পণে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ আয়োজিত বইমেলা। গতকাল বিকেলে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন লেখক হুমায়ূন আহমেদ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল চারটি বইয়ের মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠের আসর, একটি শ্রুতি কাব্যনাটক ও দুটি পথনাটক। নাট্যদল ক’জনা মঞ্চস্থ করে অনিমেষ আইচ রচিত ও খালেদ খান নির্দেশিত শ্রুতি কাব্যনাটক বিদ্রোহ কৈবর্ত। নাট্যধারা পরিবেশন করে পথনাটক আবারো বাংলাদেশ। এর রচনা ও নির্দেশনা দেন লিজা আসমা। ঢাকা সড়ক পরিবেশন করে রেজানুর রহমান রচিত ও নির্দেশিত পথনাটক হ য ব র ল। প্রতিদিন মেলায় একজন লেখক উপস্থিত থাকবেন। আজ শুক্রবার উপস্থিত থাকবেন ইমদাদুল হক মিলন।মেলা চলবে ১২ মার্চ, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।ছায়ানটে ‘ডাকঘর’শিশু-কিশোরদের অভিনয়ে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি গতকাল মঞ্চস্থ হলো ছায়ানট ভবন মিলনায়তনে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ পালন উপলক্ষে ছায়ানটের ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শীর্ষক বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়। গতকাল সন্ধ্যায় ‘ঐ মহামানব আসে’ সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হয় চার দিনের আয়োজন। সম্মেলক গানের পর স্বাগত বক্তব্য দেন আবুল হাসনাত। এরপর নালন্দার শিশু-কিশোরেরা নাটকটি মঞ্চস্থ করে। নাটকের নির্দেশনা দিয়েছেন কামাল উদ্দীন কবির। নাটকের পর তপন সিন্হা পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্র প্রদর্শন করা হয়।শফিকুল ইসলামের ‘অশ্রুত বীরগাথা’একাত্তরের মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের চেয়ে সম্ভ্রম, সম্মান আর পরিবারহারা বীরাঙ্গনাদের অবদান কোনো অংশেই কম নয়। তাই দেরিতে হলেও সবাইকে বীরাঙ্গনাদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে শফিকুল ইসলামের ২৩ জন বীরাঙ্গনার তথ্য আলোকচিত্রসংবলিত অ্যালবামঅশ্রুত বীরগাথার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আর্থার আর্কেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক। আরও বক্তব্য দেন, রাশেদ খান মেনন এমপি এবং হাসানুল হক ইনু এমপি।অ্যালবামটি মুক্তিযুদ্ধ জাদুঘরের বিক্রয়কেন্দ্রসহ ঢাকার বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।