শিল্পকলায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় সংগীত ভবনের অনুষ্ঠানে গান করেন এক শিল্পী l প্রথম আলো
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় সংগীত ভবনের অনুষ্ঠানে গান করেন এক শিল্পী l প্রথম আলো

রিকশা চালানোর ফাঁকে ফাঁকে গানের তালিম নিতেন মো. রফিক। ভর্তি হয়েছেন চট্টগ্রামের সংগীত ভবনে। সুর সাধনায় এই শ্রমজীবী তরুণ যে অনেক দূর যাবেন তারই প্রমাণ মিলল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে। এখানে ‘রবীন্দ্র-নজরুল সন্ধ্যা’ শিরোনামে আয়োজিত গানের আসরে দর্শক-শ্রোতাদের রবীন্দ্রসংগীত শুনিয়ে হাততালি কুড়ান রফিক।

সংগীত ভবনের দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে রফিকের মতো অনেক নবীন শিল্পীর সঙ্গে পরিচিত হলো দর্শক। আয়োজনের প্রথম দিনে ছিল সংগীত ভবনের ৭ থেকে ১৪ বছর বয়সী খুদে শিক্ষার্থীদের রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশনা।

সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হয় সংগীত ভবনের খুদে শিক্ষার্থীদের পরিবেশনার মাধ্যমে। একে একে রবীন্দ্র ও নজরুলসংগীত গেয়ে শোনায় ২৪ খুদে শিক্ষার্থী। সবশেষে ছিল দুটি রবীন্দ্র ও নজরুলসংগীত। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় সংগীত ভবনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যার দ্বিতীয় দিনের আসরে সংগীত পরিবেশন করবেন সংগঠনের শিল্পীরা।

সৃজনে শ্রবণে শ্রাবণসন্ধ্যা

গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বসে ‘সৃজনে শ্রবণে শ্রাবণসন্ধ্যা’ শিরোনামের আয়োজন। বর্ষার এই অনুষ্ঠানের আয়োজক মাসিক আন্দরকিল্লা পত্রিকা। বিকেল পাঁচটায় পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল আবসারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চ মুখরিত হয় কথামালা, কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও বর্ষার গানের আয়োজনে।

অনুষ্ঠানের আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে কথামালায় অংশ নেন আনোয়ারা আলম, কবি স্বপন দত্ত, ওমর কায়সার, রাশেদ রউফ, আশীষ সেন ও মুশফিক হোসাইন। কথামালার ফাঁকে ফাঁকে ২৫ জন কবি স্বরচিত কবিতা পাঠ করে শোনান আয়োজনে।