
রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র এবং শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে গতকাল শনিবার রুশ ব্যান্ড ‘সিলভার স্ট্রিংগস’ এক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানে শিল্পীরা রুশ ভাষায় বেশি কিছু গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন।
সন্ধ্যায় এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিলভার স্ট্রিংগস-এর আনাস্তাসিয়া মাৎসেনেভা। গিটার বাদনে অংশ নেন ইউরি ক্লেপালভ, বালালাইকা নামারে একটি রুশ বাদ্যযন্ত্র বাদন করেন ইভগেনি ক্লেপালভ। গান করেন ইয়ান অসিন ও তাতিয়ানা চেরকাসোভা।
এর আগে গত শুক্রবার পাশ্চাত্যের ব্লুজ ঘরানার গান নিয়ে রাশিয়ান দূতাবাসে ব্লুজ উৎসবের আয়োজন করে ঢাকা ব্লুজ সোসাইটি। সোসাইটির সাধারণ সম্পাদক শাফকাত আহমেদ জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ১১ ঘণ্টার এই উৎসবে নকীব খান, পিলু খান এবং ‘দ্য আ ট্রেইন’, ‘পাষাণ বেদী’সহ ১২টি ব্যান্ড দল অংশ নেয়।