
নিজ জীবনের ঘাত-প্রতিঘাত থেকেই মানবতাবাদী দর্শনের সন্ধান পেয়েছিলেন লালন ফকির। বর্তমান বিশ্বের চলমান নানা সমস্যার সমাধানেও সাঁইজির দর্শন অনেক বেশি প্রাসঙ্গিক। বহুবিভক্ত পৃথিবীকে পথ দেখাতেও তাঁর দর্শন সমকালীন ও প্রাসঙ্গিক। এ কারণেই তাঁর গানের মর্ম উপলব্ধি করতে আজও সারা পৃথিবীর মানুষ এসে হাজির হচ্ছে সাঁইজির কুষ্টিয়ার আখড়ায়।
শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনের লালন উৎসবে বক্তারা এসব কথা বলেন। উৎসবের উদ্বোধনীতে বক্তারা জীবনে লালনের গুরুত্ব তুলে ধরে তিনটি দাবি উপস্থাপন করেন। এগুলো হলো—প্রতিবছর জাতীয়ভাবে লালন শাহের তিরোধান দিবস পালন করা, লালনের দর্শনকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা এবং তাঁর নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
লালনের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে লালন উৎসবের আয়োজন করেছে লালন রিসার্চ ফাউন্ডেশন। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনের আয়োজনটি ছিল দুই পর্বে বিভক্ত। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা পর্ব।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও লালন গবেষক অধ্যাপক আনোয়ারুল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান ও সংগীতশিল্পী ফরিদা পারভীন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বি এন দুলাল। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আবু ইসহাক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝর্ণা আলমগীর। তবে মিলনায়তন-ভর্তি দর্শকের অপেক্ষা ছিল ফরিদা পারভীনের গানের জন্য। ফরিদা পারভীনও নিরাশ করেননি দর্শকদের। একে একে শোনান ‘পারে লয়ে যাও আমায়’, ‘পারে কে যাবি নবীর নৌকাতে আয়’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’সহ অন্তত ২০টি গান। গানের মাঝে মাঝে গানের মর্মবাণী বিশ্লেষণ করেন গবেষক আবু ইসহাক হোসেন।
আজ শুক্রবার উৎসবের শেষ দিন। বিকেল পাঁচটা থেকে শুরু হবে অনুষ্ঠান। আজ একক কণ্ঠে লালনের গান গাইবেন বিমান চন্দ্র বিশ্বাস এবং সমবেত পরিবেশনায় অংশ নেবে ‘অচিন পাখি’ নামের সংগঠন।