শিল্পকলায় শিল্পের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালায় গতকাল ‘ঢাকা আর্ট সামিট’ উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা ।  ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালায় গতকাল ‘ঢাকা আর্ট সামিট’ উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা । ছবি: প্রথম আলো

বসন্ত ছুঁই ছুঁই করছে। শীতের শেষ প্রান্ত। গতকাল শুক্রবার ছুটির দিনে ঢাকা মহানগরে ছিল উৎসবের আমেজ। শহীদ মিনারে পথনাট্যোৎসব, বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা। রমনায় পিঠা উৎসব। বাকি ছিল শুধু চারুশিল্পের বড় কোনো আয়োজন। সেই অভাবও পূরণ হলো দিনের শুরুতেই। দক্ষিণ এশিয়ার শিল্পীদের শিল্পসম্ভার নিয়ে শুরু হলো ‘ঢাকা আর্ট সামিট’-এর বর্ণাঢ্য উৎসব। আয়োজনটি যৌথভাবে করেছে শিল্পকলা একাডেমী ও সামদানি আর্ট ফাউন্ডেশন।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সামিটের উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এটি সাধারণ কোনো আয়োজন নয়। দক্ষিণ এশিয়ার বিশিষ্ট শিল্পীদের কাজের প্রদর্শনীর সঙ্গে বিশ্বখ্যাত গ্যালারি ও আর্ট মিউজিয়ামের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। এখানকার শিল্পী, শিল্পকলার শিক্ষার্থী ও কলারসিকেরা এসব শিল্পকর্ম ও আলোচনা থেকে শিল্পকলার সাম্প্রতিক ধারা সম্পর্কে জানতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তৃতা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক সোবহান, ধন্যবাদ জানান সামিটের পরিচালক নাদিয়া সামদানি।
উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর খুলে দেওয়া হয়েছিল চিত্রশালার গ্যালারিগুলো। প্রথম দিনটি ছিল শুধু আমন্ত্রিত অতিথি ও ভিআইপি পাস পাওয়া দর্শকদের জন্য। চিত্রশালার তিনটি তলাজুড়ে পটে আঁকা তেলচিত্র, ছাপচিত্র, জলরং ও মিশ্র মাধ্যমের কাজ ঝুলছে দেয়ালে। মেঝেতে ভাস্কর্য আর স্থাপনাশিল্প। একেবারে সিনেমা হলের মতো ঘরের দরজা বন্ধ করে কোথাও চলছে বিশেষ চলচ্চিত্র ও ত্রিমাত্রিক দৃশ্যশিল্পের প্রদর্শনী, আবার কোনো তলার মেঝেতে শিল্পীরা পরিবেশন করছেন পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে বিচিত্র মাধ্যমের বিপুল বৈচিত্র্যময় শিল্পসম্ভার দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে এই আয়োজনে। সামিটে প্রধান সহযোগিতা দিয়েছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট গ্রুপ। সহযোগিতায় রয়েছে ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রঁসেজ, সুইস প্রো হেলভেশিয়া ও বৃত্ত আর্টস ট্রাস্ট।
প্রথম সামিটটি হয়েছিল ২০১২ সালে। সেবার শুধু বাংলাদেশের শিল্পীরাই এতে অংশ নিয়েছিলেন। এবার বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শিল্পীদের কাজ রয়েছে এই আয়োজনে। এ ছাড়া বাংলাদেশের বৃত্ত আর্টস ট্রাস্ট দৃক গ্যালারি, গ্যালারি কসমস এবং কলকাতার এক্সপেরিমেন্টার, মুম্বাইয়ের ঝাভেরি কনটেম্পরারি, প্রজেক্ট ৮৮, দিল্লির নেচার মোর্টেসহ ৩৩টি গ্যালারি তাদের বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে এই সামিটে।
সামিটের পরিচালক নাদিয়া সামদানি প্রথম আলোকে বলেন, ‘এটি এক অসাধারণ অভিজ্ঞতা। প্রথম সামিটের সাফল্যের পর বড় পরিসরে এই আয়োজন করা হয়েছে। বিশ্বের খ্যাতনামা শিল্পী, সমালোচক, কিউরেটর মিলিয়ে প্রায় আড়াই শ জন বিদেশি অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে আরও বড় আয়োজন করার ইচ্ছা আছে।’
গতকাল প্রথম দিনে দুপুরে ছিল ফ্রিল্যান্স কিউরেটর রোসা মারিয়া ফালভোর সঞ্চালনায় বাংলাদেশের শিল্পকলা নিয়ে আলোচনা। এতে অংশ নিয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর, ওয়াকিলুর রহমান, নাঈম মোহাইমেন ও আয়েশা সুলতানা। সন্ধ্যায় ছিল চতুর্থ তলায় ছয়টি নিরীক্ষামূলক চলচ্চিত্রের প্রদর্শনী।
আজ ও কাল রোববার সমাপনী দিনের আয়োজন সবার জন্য উন্মুক্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।