শিল্পকলায় সাঈদ আহমদের ‘কালবেলা’ মঞ্চস্থ
বৈঠকি মেজাজের মানুষ ছিলেন সাঈদ আহমদ। প্রাণখোলা হাসি আর প্রগাঢ় পাণ্ডিত্যের জন্যই তিনি যেকোনো আড্ডার মধ্যমণি হয়ে উঠতেন। তাঁর রচনাতেও রয়েছে বৈঠকি মেজাজ। সরল, সহজবোধ্য ও রসঘন গদ্যে তিনি সময়ের গভীরতর ব্যঞ্জনা প্রকাশ করেছেন। পৃথিবীর বহু দেশ ঘুরেছেন। সেসব দেশের মূলধারার সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা নিয়েছেন। ভিন্নতর সংস্কৃতির সঙ্গে বাঙালির নিজস্ব সংস্কৃতি, শিল্পবোধ ও সাহিত্যরুচির তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তবে তাঁর রচনায় তত্ত্বকথার পীড়ন নেই। তাঁর রচনার সংখ্যা কম, কিন্তু যা লিখেছেন, তা হূদয় স্পর্শ করে যায়।প্রয়াত নাট্যকার সাঈদ আহমদের মৃত্যু ও জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মূল্যায়ন করেন বক্তারা। গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনারকক্ষে বিকেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় একাডেমীর পরীক্ষণ থিয়েটারে ছিল সাঈদ আহমদের লেখা কালবেলা নাটকের মঞ্চায়ন। অনুষ্ঠানটির আয়োজন করে সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্ট। সেমিনারে সঞ্চালক ছিলেন হাসনাত আবদুল হাই। ‘সাঈদ আহমদের নাটকে স্বদেশ ও আন্তর্জাতিকতা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আবদুস সেলিম। আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, এনামুল হক, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, জাহীদ রিপন, গাজী রাকায়েত প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, ‘ষাটের দশকে তিনি আমাদের দেশের নাট্যচর্চায় আধুনিকতার সংযোজন করেছিলেন ইউরোপীয় ধারার ‘অ্যাবসার্ড’ নাট্যরচনার মাধ্যমে। বিশ্ব নাটক সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। ইংরেজিতে লেখা কালবেলা, মাইলপোস্ট, তৃষ্ণা নাটক ফরাসি ও জার্মান ভাষায় অনূদিত হয়, যা ইউরোপের বিভিন্ন দেশে ও যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হয়ে প্রশংসিত হয়েছে। তাঁর এসব নাটকের মধ্য দিয়েই মূলত আমাদের এখানে আধুনিক নাট্যচর্চার সূত্রপাত। বহু বিদেশি নাটকের বাংলা অনুবাদও করেছেন তিনি।’বক্তারা বলেন, নাটক রচনা ছাড়াও তিনি উঁচু দরের শিল্প-সমালোচক ছিলেন। পুরান ঢাকার বাসিন্দা হিসেবে ঢাকার সংস্কৃতি সম্পর্কে অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা ছিল তাঁর। নাটক ও আত্মজীবনীতে ঢাকার ঐতিহ্যকে তিনি অসাধারণভাবে তুলে ধরেছেন।সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পালাকার মঞ্চস্থ করে নাটক কালবেলা। নাটক মঞ্চায়নের আগে সাঈদ আহমদের নাটক ও কর্মজীবন নিয়ে কথা বলেন সৈয়দ শামসুল হক। এ পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। কালবেলা নাটকের নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে।সাঈদ আহমদের জন্ম ঢাকায়, ১৯৩১ সালের ১ জানুয়ারি। বাবা মির্জা এফ আহমদ ও মা জামিলা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি নিয়েছেন লন্ডনের স্কুল অব ইকোনমিকস থেকে। সরকারি চাকরিজীবনে বিটিভির মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিবিসিতেও কাজ করেছেন। সাঈদ আহমদ ২০১০ সালের ২১ জানুয়ারি এ ভুবনের মায়া কাটিয়ে চিরপ্রস্থান করেন।