
শুরু হয়েছিল মহানায়িকা সুচিত্রা সেনের আরোগ্য কামনায়। মহানায়ক উত্তমকুমারের সঙ্গে জুটি বাঁধা ১০টি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল শিল্পকলা একাডেমী। ৮ জানুয়ারি থেকে একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছিল ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’ নামের এই বিশেষ আয়োজন। কিন্তু পৃথিবীর মায়া কাটিয়ে মহানায়িকা চলে গেলেন চিরতরে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রদর্শনীর মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
প্রদর্শনীর শুরু থেকে প্রতিদিনই প্রচুর দর্শক এসেছেন উত্তম-সুচিত্রার ছবি দেখার জন্য। একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রদর্শনী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। উত্তমকুমার ছাড়াও অন্য অনেক নায়কের সঙ্গে বহু সাড়া জাগানো ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেন। সেই ছবিগুলো থেকে বাছাই করা কয়েকটি ছবি এই পর্যায়ে দেখানো হবে।
গতকাল রোববারের ছবি ছিল দ্বীপ জ্বেলে যাই। প্রদর্শনীর শুরুতে মহানায়িকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ছয়টায়। আজ প্রদর্শিত হবে সাত পাকে বাঁধা। ২১ জানুয়ারি হার মানা হার, ২২ জানুয়ারি দত্তা, ২৩ জানুয়ারি চাওয়া পাওয়া, ২৪ জানুয়ারি উত্তর ফাল্গুনী এবং ২৫ জানুয়ারি দেবদাস (হিন্দি) প্রদর্শিত হবে।