শিল্পকলায় সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী
সোমবার ২০ জুন ছিল কবি বেগম সুফিয়া কামালের জন্মশতবর্ষ। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। ‘সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ’ এর আয়োজন করেছে। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে আয়োজকেরা ছয় দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—দেশের যেকোনো বড় বিদ্যায়তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য কোনো হলের নাম কবির নামে করা, কবিতা ছাড়াও তাঁর জীবনী ও কর্ম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, ঢাকার একটি প্রধান সড়কের নাম কবির নামে করা, কবির ধানমন্ডির বাসভবন সাঁঝের মায়ার নিচতলায় সরকারি উদ্যোগে স্মৃতি জাদুঘর তৈরি করা এবং তাঁর জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট বের করা।আজ অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করবেন কথাশিল্পী সেলিনা হোসেন, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ ও আলী যাকের। ময়মনসিংহে আলোচনা সভা: ময়মনসিংহ অফিস জানায়, কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ এক আলোচনা সভা ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে। গত সোমবার বিকেলে শহরের হরি কিশোর রোডের মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রসংগীত-শিল্পী ও শিক্ষাবিদ সুমিতা নাহা।বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপিকা নীলা রায়, পরিষদের সহসভানেত্রী সালেহা হোসেন, সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান প্রমুখ।আলোচনা সভা শেষে মহিলা পরিষদের শিল্পীরা বিচিত্রানুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন।