শিল্পকলায় সোলায়মান রঙ্গমাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন অন্ধকার ফুঁড়ে মঞ্চে এলেন শিল্পী আনিকা মাহি। বাবা এস এম সোলায়মানের জীবনের শেষ দিকে লেখা গান ‘আমি আপন মাঝে ডুব দেব বলে’ গেয়ে শুরু করলেন অনুষ্ঠান।

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে গতকালের আয়োজনের উপলক্ষ এস এম সোলায়মান স্মরণ। তাঁর জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৫৩, মৃত্যু ২২ সেপ্টেম্বর ২০০১-এ। অনুষ্ঠানের আয়োজক থিয়েটার আর্ট ইউনিট। সোলায়মান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

প্রায় ৩০টির বেশি মঞ্চনাটক দিয়ে দর্শকদের মন মাতিয়েছেন, তাই সোলায়মান ‘রঙ্গমাতন’। তাঁর নির্দেশিত তালপাতার সেপাই, এই দেশে এই বেশে, ইঙ্গিত, ইন্সপেক্টর জেনারেল, ঘোড়া এল শহরে, গণি মিয়া একদিন নাটকগুলোতে ব্যবহৃত কোরাস, সেগুলোর গান ও ছন্দ, মঞ্চসজ্জা এবং অভিনয় বিশ্লেষণ করে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ স্মারক বক্তৃতা দেন। জামিল ও সোলায়মান ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও নাটক নির্মাণের সঙ্গী। তাই এ বক্তৃতা ছিল বন্ধুর প্রতি একধরনের শ্রদ্ধা জ্ঞাপন।

এরপর তরুণ নাট্যকর্মী সুদীপ চক্রবর্তীকে দেওয়া হয় এস এম সোলায়মান প্রণোদনা ২০১৫। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ছিলেন প্রধান অতিথি। সবশেষে মঞ্চস্থ হয় সোলায়মান নির্দেশিত গোলাপজান।