আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টপ সুইসাইড’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। প্রদর্শনী উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আসাদ সরকার। শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে বিকেল পাঁচটায় উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অস্বাভাবিক মৃত্যু ও তার থেকে পরিত্রাণের উপায় নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। আত্মহত্যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিভিন্ন দিক উঠে এসেছে ছবিটিতে। নির্মাতা আসাদ সরকার বলেন, ‘সমাজ কিংবা ব্যক্তিসৃষ্ট সামান্য কারণেই আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়। অথচ যেসব পরিস্থিতির কারণে মানুষ আত্মহত্যা করে, তার প্রায় সবই সমাধানযোগ্য। বাংলাদেশ থেকে আর একটিও সম্ভাবনা যাতে হারিয়ে না যায়, সেই প্রত্যাশা করেই ছবিটি তৈরি করেছি।’