শিল্পকলায় হবে নজরুল জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে হবে নজরুল একাডেমীর চার দিনের অনুষ্ঠান। এ আয়োজনে থাকবে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, স্বর্ণযুগের নজরুল সংগীতশিল্পীদের স্মরণ, গবেষণাধর্মী নজরুল একাডেমী পত্রিকার ৪২তম সংখ্যা প্রকাশ ও অধ্যাপক মতিউর রহমানের গবেষণাধর্মী গ্রন্থ গদ্যশিল্পী নজরুল-এর মোড়ক উন্মোচন, নজরুলসংগীত, গানের সঙ্গে নৃত্য-আবৃত্তির পরিবেশনা। ২২ থেকে ২৫ মে চলবে এ আয়োজন।

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মিন্টু রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি পুত্রবধূ উমা কাজী ও নাতনি খিলখিল কাজী। এদিন নজরুলসংগীত নিয়ে গবেষণাধর্মী আলোচনা করবেন ইয়াকুব আলী খান, নাশিদ কামাল, সুজিত মোস্তফা প্রমুখ।
গতকালের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর সহসভাপতি আখতার ইউসুফ ও মো. আবদুল হান্নান, প্রচার সম্পাদক রেজা মতিন প্রমুখ।