শিল্পকলায় হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনী
বনের ভেতর দিয়ে শান্ত মনে হাঁটছে এক যুবক, হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ল সে। একটি সাদা গাড়ি আসছে সজোরে, কিন্তু ছেলেটি রাস্তা থেকে না সরে বরং দুই হাত টান করে দাঁড়াল। গাড়িটি পুরো গতি থামাতে থামাতেই ছেলেটির সাথে সংঘর্ষ হয়। গাড়ির মালিক নেমে এসে আহত অবস্থায় ছেলেটিকে তুলে নেয়। ছেলেটির পরিচয় জানতে চাইলে বলে, মনে পড়ছে না। ঠিকানা জানতে চাইলে বলে, ভুলে গেছি। গাড়িতে বসে ছিল তরু ও তার ছোট ভাই টগর। লোকটি বেঁচে আছে, কথা বলছে শুনে ওরা দুজন তো অবাক।জনপ্রিয় ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দুই দুয়ারির শুরুর ঘটনা এটি। গতকাল সন্ধ্যায় এই ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পকলা একাডেমীতে শুরু হলো ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনী-২০১২’। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন।উদ্বোধনী দিনে দেখানো হয় দুই দুয়ারি ছাড়াও আগুনের পরশমণি। প্রতিদিন সন্ধ্যা ছয়টা ও রাত আটটায় দেখানো হবে দুটি করে চলচ্চিত্র। আজ দ্বিতীয় দিনে দেখানো হবে শ্রাবণ মেঘের দিন ও চন্দ্রকথা। সমাপনী দিনে দেখানো হবে নয় নম্বর বিপদ সংকেত ও আমার আছে জল।