শিল্পকলায় হয়ে গেল 'চারুপাঠ কর্মশালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুপাঠ কর্মশালায় অংশ নেওয়া কয়েকজন শিল্পী জাতীয় চিত্রশালার স্থায়ী গ্যালারিতে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম দেখছেন। ছবি প্রথম আলো
চারুপাঠ কর্মশালায় অংশ নেওয়া কয়েকজন শিল্পী জাতীয় চিত্রশালার স্থায়ী গ্যালারিতে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম দেখছেন। ছবি প্রথম আলো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হল ‘চারুপাঠ কর্মশালা’। জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সংগীত, নৃত্য, নাট্য, আবৃত্তি ও চারুকলার সংগঠক, শিল্পীসহ প্রায় তিন শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেয় ‘চারুপাঠ কর্মশালা’য়। বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চলমান ২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী এবং একাডেমির স্থায়ী গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতানসহ বরেণ্য ৯৬ জন শিল্পীর ১৫১টি শিল্পকর্ম ঘুরে দেখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
সন্ধ্যার পর একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রবীণ শিল্পীদের বিষয়ে আলোচনা করেন উপস্থাপন করেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ এবং নবীন শিল্পীদের বিষয়ে আলোচনা করেন শিল্পী শাওন আকন্দ। কর্মশালার উদ্বোধনী পর্বে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী জানান, সংস্কৃতির বিভিন্ন বিষয়ে এ ধরনের কর্মশালা প্রতি মাসেই আয়োজন করা হবে। যার শুরু হলো ‘চারুপাঠ কর্মশালা’র মাধ্যমে।