শিল্পকলায় 'আনোয়ারা' ও 'আলোর মিছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমির সম্মেলনকক্ষের সামনে ব্যানারজোড়া নায়করাজ রাজ্জাকের ছবি। সেখানে জ্বলছিল প্রদীপ, ছড়ানো ছিল ফুলের পাপড়ি। রাজ্জাক প্রয়াত হলেন ২১ আগস্ট। কিন্তু শিল্পকলায় তাঁর কণ্ঠের সংলাপ শোনা গেল গতকাল সাতসকালেই। সিনেমা জগতে যাত্রা যাঁর হাত ধরে, সেই জহির রায়হান পরিচালিত আনোয়ারা সিনেমা চলছিল শিল্পকলা একাডেমির কালচারাল আর্কাইভস কক্ষে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ কালকের দিনটি রেখেছিল রাজ্জাককে শ্রদ্ধা জানাতে। সকাল ১০টায় দেখানো হয় রাজ্জাক অভিনীত আনোয়ারা। বেলা দুইটায় দেখানো হয় নারায়ণ ঘোষ মিতা পরিচালিত নায়করাজ অভিনীত ছবি আলোর মিছিল। বিকেলের দিকে জাতীয় নাট্যশালার সম্মেলনকক্ষে বসে রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণা। প্রথমেই এক মিনিট নীরবতা পালন করলেন সবাই। এরপর দেখানো হয় একটি তথ্যচিত্র। জাতীয় চলচ্চিত্রকেন্দ্র নিয়ে একটি সভা হয়েছিল গত ৮ এপ্রিল। সেখানে সভাপতি ছিলেন রাজ্জাক। বলেছিলেন, চলচ্চিত্রশিল্পকে ঘুরে দাঁড়াতে হলে এই চলচ্চিত্রকেন্দ্র হওয়া জরুরি।

স্মৃতিচারণা করেন চলচ্চিত্রে তাঁর সহযাত্রীরা। পরিচালক আমজাদ হোসেন বললেন, ‘বাংলাদেশের মানুষের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে রাজ্জাকের মৃত্যুতে। দেশের সব বয়সী সিনেমা দর্শক রাজ্জককে চেনে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর বক্তৃতায় জানান, রাজ্জাকের নামে কিছু একটা করার পরিকল্পনা আছে। তবে কী করবেন, তা এখনো চূড়ান্ত নয়।

স্মৃতিচারণায় অংশ নেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মতিন রহমান, সি বি জামান, চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভি এবং বিভিন্ন চলচ্চিত্রকার, সংসদকর্মী ও চলচ্চিত্রপ্রেমী। সভাপতি ছিলেন ফেডারেশনের সভাপতি লাইলুন নাহার। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন।