শিল্পকলায় ‘আমিনা সুন্দরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন তো একটাই। সুখ-দুঃখ, হাসি-কান্না সব এই এক জীবনের মধ্যে। জীবন শেষ তো বেবাক শেষ।’ কান্নামাখা কণ্ঠে চিৎকার করে বলছিলেন আমিনা। সবাই তাঁকে আমিনা সুন্দরী বলে ডাকে। নাটকের চরিত্র আমিনা যখন সংলাপটি বলছিলেন তখন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নীরবতা। আমিনার কষ্টে যেন দর্শকও ব্যথিত। ‘আমিনা সুন্দরী’ কোনো নির্দিষ্ট সময়ের গল্প নয়, এ গল্প সর্বকালের, পৃথিবীর সব মানুষের জীবনের সত্য। প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক আমিনা সুন্দরী। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে রচিত এই নাটকের ৩৮তম প্রদর্শনী হলো গতকাল শুক্রবার। পতিনিষ্ঠ আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় ভিনদেশে। স্বামীর এই বিদায় আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। নছর ভিনদেশি নারীকে বিয়ে করে সংসার বাঁধে। আমিনা নানা ঘাত-প্রতিঘাতের পরে বন্দী হয় এক সওদাগরের ঘরে। এমনই নাটকীয় গল্পের সংগীতনির্ভর নাটক আমিনা সুন্দরী। আমিনা সুন্দরী লিখেছেন এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক। এটি থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা।