বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে গত সোমবার থেকে শুরু হয়েছে ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’। একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল মিলনায়তন এবং পরীক্ষণ থিয়েটার হলে ১২টি নাটক নিয়ে আয়োজিত এ উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল মঙ্গলবার মঞ্চস্থ হয় দুটি নাটক আমিনা সুন্দরী ও লাল জমিন। জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে নাটকটির গল্প। অভিনয় করেছেন সেলিম মাহবুব, চন্দন রেজা, তানিয়া চৌধুরী, কামরুজ্জামান মিল্লাত, দীপ্তা রক্ষিত, প্রশান্ত হালদার প্রমুখ। পরীক্ষণ থিয়েটারে নাট্য সংগঠন ‘শূন্যন’ মঞ্চস্থ করে লাল জমিন। মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।তাজউদ্দীনকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিভিন্ন সময়ে বন্দী হয়েছে নানাজনের ক্যামেরায়। পাঁচ বছর ধরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁর এসব ছবি সংগ্রহ করা হয়েছে। আর সেসব ছবি নিয়ে তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে চলছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। তাজউদ্দীন আহমদের সংগ্রামী জীবনের ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর মধ্যে বেশ কিছু ছবি আগে কখনো প্রদর্শিত হয়নি। মোট ২২০টি আলোকচিত্র রয়েছে এতে। প্রদর্শনী চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকে।