শিল্পকলায় 'কবি স্বামী মৃত্যুর পর আমার জবানবন্দি'

আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামী মৃত্যুর পর আমার জবানবন্দি’। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬-২০১৭’ এর জানুয়ারি মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর অংশ হিসেবে দেখানো হবে আরও কয়েকটি ছবি, থাকবে ‘সিনেমা ফাইভ আলাপ’-এর চতুর্থ পর্ব।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে তারা যৌথভাবে আয়োজন করেছে উৎসবটি। জানুয়ারি মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর জন্য জুরি সদস্যরা নির্বাচিত করেছেন তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তিনটি প্রামাণ্যচিত্র।
বিকেল চারটায় দেখানো হবে নওরীন আফরিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অগোচর’, ফরিদুল আহসানের প্রামাণ্যচিত্র ‘সোল অব এ সিটি’ (উদ্বোধনী প্রদর্শনী) এবং গাজী মাহতাব হাসান ও টেফিনি কোনের প্রামাণ্যচিত্র ‘সোল সিঙ্গার’। সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। এবারের আলাপের বিষয় থাকবে ‘শিল্পের স্বাধীনতা, শিল্পীর সতর্কতা’। এবারের অতিথি বক্তা শিল্পী সব্যসাচী হাজরা।
সন্ধ্যা সাতটায় দেখানো হবে অতনু পাটোয়ারীর চলচ্চিত্র ‘অর্থ উপাখ্যান’, তাসমিয়াহ আফরিনের চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ এবং প্রদীপ ঘোষের প্রামাণ্য চলচ্চিত্র ‘গড়াই’।