শিল্পকলায় 'সাজাহান' ও 'একদিন খুঁজেছিনু যারে'
আগামীকাল মঞ্চে শোনা যাবে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক ‘সাজাহান’। আর তার পরদিন থাকছে জীবনানন্দ দাশের কবিতা ‘একদিন খুঁজেছিনু যারে’র আবৃত্তি প্রযোজনা। রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে আবৃত্তি একাডেমির দেড় যুগ পূর্তি উপলক্ষে দু দিনব্যাপী অনুষ্ঠানে হবে এই আয়োজন।
আগামীকাল শুক্রবার বিকেল ছয়টায় উদ্বোধন ও র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রীতি ভাষণ দেবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ। সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে শ্রুতিনাটক ‘সাজাহান’। দ্বিজেন্দ্রলাল রায়ের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মৃন্ময় মিজান। আবৃত্তি একাডেমির ১৯ তম প্রযোজনা এই নাটকটির এটি দ্বিতীয় মঞ্চায়ন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার থাকবে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান। সংগঠনের ২৬ ও ২৭ তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হবে। প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে আবৃত্তি প্রযোজনা ‘একদিন খুঁজেছিনু যারে’। কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে তৈরি প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন দিলসাদ জাহান। এটি আবৃত্তি একাডেমির ৪৯ তম প্রযোজনা।
অনুষ্ঠানের সমন্বয়ক ও দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘আমরা আবৃত্তিকে প্রাতিষ্ঠানিকরূপে দেখতে চাই। শিল্প হিসেবে নাটক, গান ও নৃত্যের যেমন একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, আবৃত্তির সেরকম নেই। আমরা চাই সহশিক্ষা হিসেবে শিক্ষা কারিকুলামেও আবৃত্তিকে যুক্ত করা হোক।’