শিল্পকলায় ‘সেনাপতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তন কানায় কানায় পূর্ণ। সবাই এসেছেন আবদুল্লাহ আল-মামুন রচিত সেনাপতি নাটকটি দেখতে। নাট্যকার নেই, আছে তাঁর নাটক। ভেসে আসছিল মিলনায়তনজুড়ে তাঁর লেখা নাটকের সংলাপ; যেন তাঁরই উপস্থিতি অনুভব করেছেন নাট্যানুরাগীরা। জাতীয় নাট্যশালায় গতকাল বুধবার সন্ধ্যায় ছিল সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সেনাপতি নাটকের ষষ্ঠ প্রদর্শনী। আবদুল্লাহ আল-মামুনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন আহসান রেজা খান। নতুন আঙ্গিকে মঞ্চায়ন করার লক্ষ্যে মূল গল্প কিছুটা সম্পাদনা করেছেন রায়হান আখতার। নির্দেশক নাটকের গল্পটিকে ‘সমসাময়িক’ হিসেবে বলতে চেয়েছেন। সেখানে দেখা যায় আলাদীনের আশ্চর্য প্রদীপের মতোই একটি হ্যারিকেন থেকে বেরিয়ে আসে তালুকদার নামের এক যুবক। হঠাৎ একদিন এক শিল্পপতির (নাটকে সবাই যাকে ‘স্যার’ বলে ডাকে) সামনে হাজির হয় সে। কথার মায়াজালে মুগ্ধ করে শিল্পপতিকে। কৌশলে শিল্পকারখানায় কাজ নেয় তালুকদার। উদ্দেশ্য, কারখানার সম্পূর্ণ কর্তৃত্ব নেওয়া। শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সে। একসময় শ্রমিকে শ্রমিকে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মারা যায় এক শ্রমিক। ধূর্ত তালুকদার নিহত শ্রমিকের লাশ সরিয়ে ফেলে। একসময় তার স্ত্রী মেরি সবকিছু ফাঁস করে দেয়। মালিক-শ্রমিক সবাই মিলে তালুকদারকে খুঁজতে থাকে, কিন্তু পায় না কোথাও। নাটকের মাধ্যমে নাট্যকার বলতে চেয়েছেন, তালুকদারের মতো লোকেরা যুগে যুগে মানুষের মুক্তির পথকে বাধাগ্রস্ত করে। মুখোশধারী এই তালুকদারেরা লুকিয়ে থাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। দেশের, সমাজের অভিশাপ হয়ে বারবার তারা ফিরে আসে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, মিঠু বর্মণ, মোহাম্মদ রাফি, রহমতুল্লাহ বাসু, মর্জিনা মুনা, মেজবাউল করিম, শিপ্রা দাশ, শান্তনু চৌধুরী, সজীব রহমান, সৈয়দা তানিয়া সুলতানা, ফরহাদুল আমিন, জহিরুল ইসলাম, মামুন পারভেজ প্রমুখ।বাউলগানের বই ও সিডি প্রকাশনা অনুষ্ঠানসোনারগাঁও হোটেলের বলরুমের চারদিকে শোভা পাচ্ছে ফুল, প্রদীপ আর লালন সাঁই, হাসন রাজা ও শাহ্ আবদুল করিমের প্রতিকৃতি। উপলক্ষ, বাউলগানের দুটি বই ও একটি সিডির প্রকাশনা অনুষ্ঠান। প্রকাশিত দুটি বইয়ে রয়েছে ৫০০ বাউলগানের কথা, ১০০ গানের ইংরেজি অনুবাদ এবং দেড় শ গানের স্বরলিপি। বই দুটির শিরোনাম বাউল সংগীত স্বরলিপি ও বাউল সংগীত। সিডিতে আছে ৫০ জন বাউলশিল্পীর গাওয়া ১০০ বাউলগান। ইউনেসকোর সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী বই দুটি ও সিডিটি প্রকাশ করে।গতকাল বুধবার সন্ধ্যায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইউনেসকো বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, বাংলাদেশে জাপান দূতাবাসের সাংস্কৃতিক প্রধান হিরুশি ওমুরা প্রমুখ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাউলসংগীত পরিবেশন করেন সাগর বাউল, পাগলা বাবলু ও সমীর বাউল। তাঁরা ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই’, ‘বড় সংকটে পড়িয়া দয়াল’, ‘সাধ মেটে না লাঙল চষে’ প্রভৃতি গান পরিবেশন করেন। এ ছাড়া ছিল গীতিনৃত্যনাট্য রূপবান। এর সংগীত রচনা ও পরিচালনা করেন আলী আজগর। গ্রন্থনা ও নৃত্য পরিচালনা করেন দীপা খন্দকার।শতবর্ষের বাংলা গানপুরোনো দিনের যেসব বাংলা গান আজও সংগীতানুরাগীদের মুগ্ধ করে, গতকাল বুধবার বিকেলে তেমনি কিছু গান শোনার আয়োজন ছিল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। ‘শতবর্ষের বাংলা গান’ শিরোনামের এ সংগীতানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আরশীনগর ফাউন্ডেশন। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী শাওন চৌধুরী, শেলী রেজা, শাহনাজ পারভীন প্রমুখ। শিল্পীরা ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘আমি সাত সাগরের ওপার থেকে’ প্রভৃতি গান পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানের আগে ছিল শতবর্ষের বাংলা গানবিষয়ক আলোচনা। এতে অংশ নেন কবি আসাদ চৌধুরী, কবি নাসির আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগীতশিল্পী পথিক সবুজ।