শিল্পগুরু সফিউদ্দীনের শিল্পকর্মের প্রদর্শনী
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের পূর্বাপর কাজ নিয়ে এই প্রথমবারের মতো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দুই পর্বের এই প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হচ্ছে আজ শুক্রবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। আজ বিকেল পাঁচটায় ‘শিল্পের অশেষ আলো’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী ও শিল্পী কাইয়ুম চৌধুরী।গতকাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী উপলক্ষে বেঙ্গল ক্যাফেতে এক প্রেস প্রিভিউর আয়োজন করা হয়। এতে জানানো হয়, প্রথম পর্বের এই প্রদর্শনীতে থাকবে তাঁর ছাত্রজীবন থেকে শুরু করে সাম্প্রতিক কালের ৬৩টি ছাপচিত্র। প্রদর্শনী চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১০ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় পর্বের প্রদর্শনী। এতে থাকবে ড্রয়িং ও পেইন্টিং। প্রদর্শনী চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রেস প্রিভিউতে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী হাশেম খান, শিল্প সমালোচক সৈয়দ আজিজুল হক, শিল্পীর ছেলে শিল্পী আহমেদ নজির ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।বক্তারা বলেন, এর আগে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ছবির যৌথ প্রদর্শনী ও তাঁর ড্রয়িংয়ের প্রদর্শনী হলেও সামগ্রিকভাবে পূর্বাপর কাজের এই প্রদর্শনী দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি প্রধান ঘটনা। আমাদের দেশের চারুকলা চর্চার সূচনাকালে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। নিভৃতচারী শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ চারুকলা (তৎকালীন ইনস্টিটিউট) অনুষদের শিক্ষকতা জীবনে ছাত্রদের মধ্যে এই মাধ্যমটির চর্চাকে বিকশিত করে তুলেছেন। বাংলাদেশের ছাপচিত্রের ইতিহাসে তাঁকে মুকুটহীন সম্রাট বলেই সম্মান জানানো হয়।ঢাকা আর্ট সেন্টারে শিল্পী পরিবারের বিশেষ প্রদর্শনীধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে কাল শনিবার শুরু হচ্ছে ‘গাছ এবং শেকড়’ নামের বিশেষ প্রদর্শনী। শিল্পীরা হলেন খালিদ মাহমুদ, কনকচাঁপা চাকমা, আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণা। এই প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আর্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রামেন্দু মজুমদার।এই পরিবারের প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টির জন্য বহুসংখ্যক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। প্রদর্শনীতে থাকছে চিত্রকলা, আলোকচিত্র, স্থাপনা এবং স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র। প্রদর্শনী ৭ ডিসেম্বর পর্যন্ত ফরিদপুরে পথনাট্য মেলা আজ শুরুফরিদপুর অফিস জানায়, ‘সত্য সুন্দর শান্তির বারতা: এই হোক আজকের নাটকের কথা’ স্লোগান নিয়ে আজ শুক্রবার ফরিদপুরে শুরু হচ্ছে গণনাট্যের পথিকৃৎ বিজন ভট্টাচার্য পথনাট্য মেলা। স্থানীয় অম্বিকা ময়দানে আট দিনের এ মেলার আয়োজন করেছে ফরিদপুরের বৈশাখী নাট্যচক্র। ৩ ডিসেম্বর মেলা শেষ হবে।নাট্যমেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরে শোভাযাত্রা বের করা হয়। আজ বিকেল সাড়ে চারটায় ‘পথনাটক-গণনাটক থেকে সাম্প্রতিক’ শীর্ষক সেমিনার দিয়ে মেলার কার্যক্রম শুরু হবে। মূল প্রবন্ধ পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ঈস্রাফিল শাহীন। ফরিদপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন মারুফ রহমান, অধ্যাপক আবদুল মোতালেব, বিপ্লব বালা ও মান্নান হীরা।