রাজধানীর আর্ট গ্যালারিতে এখন চলছে নানা রকম প্রদর্শনী। কোথাও চিত্রকলা, কোথাও বা আলোকচিত্র। এসব প্রদর্শনীতে প্রতিষ্ঠিত শিল্পীর কাজ ছাড়াও রয়েছে তরুণ শিল্পীদের শিল্পকর্ম। শিল্পরসিকেরা সময়-সুযোগমতো আসছেন এসব প্রদর্শনীতে। রেজাউন নবীর নিসর্গে অবগাহনবেঙ্গলে চলছে শিল্পী রেজাউন নবীর ‘নিসর্গে অবগাহন’ শীর্ষক একক প্রদর্শনী। এখানে সাম্প্রতিক সময়ে আঁকা তাঁর ৬৭টি ছবি স্থান পেয়েছে। শিল্পী তিন মাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে আছে ক্যানভাসে ও কাগজে অ্যাক্রিলিকে আঁকা চিত্র; আছে জলরঙের চিত্র এবং ছোট আকারের কাগজে বিচিত্রভাবে রঞ্জিত কাপড় সেঁটে তার ওপর অ্যাক্রিলিকে আঁকা মিশ্রমাধ্যমের ছবি। বেশির ভাগ ছবিতে শিল্পী প্রকৃতি অন্বেষণ করেছেন। প্রদর্শনীটি কাল ১৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে। কায়ায় প্রকৃতির সঙ্গে সম্পর্কউত্তরার গ্যালারি কায়ায় চলছে শিল্পী সমীরণ চৌধুরীর সাম্প্রতিক কাজের প্রদর্শনী ‘কানেকটিং উইথ নেচার’। এটি তাঁর ১৪তম একক চিত্র প্রদর্শনী। শিল্পকর্মগুলোতে তিনি প্রকৃতির নানা অনুষঙ্গ বিমূর্ত রীতিতে তুলে ধরেছেন। অ্যাক্রিলিক, কাঠকয়লা এবং মিশ্র মাধ্যমে আঁকা ৬০টি শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। রেখাই ভাব প্রকাশের ভাষা ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই সেখানে আয়োজন করা হয়েছিল কর্মশালার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলার ৬০ জন তরুণ শিক্ষার্থী অংশ নেন এই কর্মশালায়। তাঁরা সরাসরি মডেল অনুশীলনের মাধ্যমে এঁকেছেন বেশ কিছু রেখাচিত্র। তাঁদের মধ্য থেকে ২৩ জনের বাছাইকৃত ৩৪টি রেখাচিত্র নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। ‘তরুণ শিল্পীদের ড্রইং প্রদর্শনী’ শিরোনামে এই প্রদর্শনীর ছবিগুলো রয়েছে দুটি গ্যালারির দেয়ালজুড়ে। প্রতিটি ছবির রেখায় রেখায় ফুটে উঠেছে মানুষের মুখের, শরীরের অবয়ব। ফুটে উঠেছে শারীরিক কাঠামো। মানুষই হয়ে উঠেছে বেশির ভাগ ছবির বিষয়বস্তু। প্রদর্শনী ১৫ জুলাই পর্যন্ত বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। জয়নুল গ্যালারিতে পাঁচ তরুণের শিল্পসম্ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে পাঁচ তরুণের দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘টোন-ওয়ান ওয়ান সিক্স’। প্রদর্শনীতে শিল্পকর্ম আছে ৩৯টি। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সুমন বৈদ্য, রত্নেশর সূত্রধর, মানবেন্দ্র ঘোষ, দীপক কুমার সরকার ও অসীম হালদার। ১৪ জুলাই প্রদর্শনীর শেষ হবে। ড. মুহম্মদ শহীদুল্লাহ্র জন্মবার্ষিকী উদ্যাপন‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্ যা করে গেছেন, তার জন্য আমরা তাঁর কাছে চিরঋণী। বাংলা উপভাষা সম্পর্কে তাঁর জ্ঞান ছিল প্রখর। নিজ উদ্যোগে বিশাল শব্দারণ্য থেকে প্রয়োজনীয় শব্দগুলোকে চয়ন করে আনুষঙ্গিক তথ্যসমূহ সংগ্রহ করে তিনি যত্নসহকারে অভিধান প্রণয়ন করেছেন।’ গতকাল রোববার বাংলা একাডেমীতে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী বিকেলে তাদের সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্র অভিধান চর্চা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষক স্বরোচিষ সরকার। আলোচনা করেন সেলিনা হোসেন ও জীনাত ইমতিয়াজ আলী। সভাপতিত্ব করেন আনিসুজ্জামান। সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘আঞ্চলিক ভাষার অভিধান সংকলন ড. মুহম্মদ শহীদুল্লাহ্র এক অমর কীর্তি। আঞ্চলিক ভাষার অভিধানের প্রয়োজনীয়তার ব্যাপারে তিনি প্রথম থেকেই নিঃসংকোচ ছিলেন। তিনি যা করে গেছেন, তার জন্য আমরা তাঁর কাছে চিরঋণী।’