
শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হলো সমকালীন শিল্পীদের ছাপচিত্র প্রদর্শনী। শিল্পাঙ্গনের সঙ্গে প্রদর্শনীর যৌথ আয়োজক কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও। প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
গতকাল শুরু হওয়া প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৬০ জন শিল্পীর ছাপচিত্র স্থান পেয়েছে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন মোহাম্মদ কিবরিয়া, হামিদুজ্জামান খান, রফিকুন নবী, আবুল বারক আলভী, মনিরুল ইসলাম, বীরেন সোমের মতো শিল্পীরা। অংশ নেওয়া ভারতের ১০ জন শিল্পীর মধ্যে আছেন কে জি সুব্রামানিয়ান, অজিত শীল, অতনু বসু, নির্মলেন্দু দাস, রামানন্দ বন্দ্যোপাধ্যায়।
বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পসংগ্রাহক ও ব্যাংক কর্মকর্তা আনিস এ খান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিল্পী রফিকুন নবী। তিনি বলেন, ছাপচিত্রের মজা যে শিল্পী একবার পেয়েছে, সে বারবার এ মাধ্যমে কাজ করতে চাইবে।
অনুষ্ঠানে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর কর্ণধার শিল্পী নিসার হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাপচিত্রে অনেক এগিয়ে গেছে। সম্প্রতি ভারতে দুটি জায়গায় আমরা ছাপচিত্র তৈরির ছাপাখানা দিয়েছি। একটি বিশ্বভারতীর কলাভবনে, অন্যটি খ্যাতিমান শিল্পী যোগেন চৌধুরীর প্রতিষ্ঠানে। আমাদের ছাপাখানার মান ও আমাদের শিল্পীদের কাজ দেখে ভারতীয় শিল্পীরা অভিভূত। তাঁরা বলছেন, এত ভালো ছাপচিত্র আগে তাঁরা দেখেননি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী ফারিয়া জেবা। শিল্পাঙ্গনের পরিচালনা পর্ষদের সদস্য রুমি নোমান অনুষ্ঠান পরিচালনা করেন। প্রদর্শনীর ছবি বিক্রির অর্থ দিয়ে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর জন্য একটি তহবিল গঠিত হবে।