শিল্পাঙ্গনে সমীরণের শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি শিল্পাঙ্গনে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে শিল্পী সমীরণ দত্তের একক শিল্পকর্ম প্রদর্শনী। সকালে অনানুষ্ঠানিকভাবে প্রদর্শনীটি শুরু হয়। প্রদর্শনীটিতে স্থান পেয়েছে শিল্পীর ৬০টি কাঠের ভাস্কর্য। নিছক শিল্পকর্ম নয় বরং তাঁর শিল্পকর্মগুলোর বেশির ভাগই নিত্য ব্যবহূত দ্রব্যসামগ্রী, যেগুলো ঘরের আসবাব সাজাতে কিংবা ঘর সাজাতে প্রয়োজন হয়। সবগুলোতে রয়েছে সমীরণের নান্দনিক কারুকাজ। তাই এই সামগ্রীগুলোকে অনন্য বলা যায়। মৃত শুকনো কাঠের মধ্যেও যে একজন শিল্পী প্রাণসঞ্চার করতে পারেন, এই ভাস্কর্যগুলো যেন তা-ই প্রমাণ করছে। প্রকৃতি থেকে পাওয়া গাছের শিকড়-বাকড়, শাখা-প্রশাখা আর কাণ্ড থেকেই সমীরণ দত্তের যাবতীয় শৈল্পিক কর্মকাণ্ড। পরিত্যক্ত সামগ্রী কুড়িয়ে তা থেকে এসব শিল্পকর্ম সৃষ্টি করেছেন তিনি। প্রদর্শনীসামগ্রীর মধ্যে আছে আয়না, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল প্রভৃতি। তারেক মাসুদের মৃত্যুতে কলকাতায় শোকসভা কলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের প্রখ্যাত চিত্রপরিচালক তারেক মাসুদের অকালমৃত্যুতে গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দন-৩ মিলনায়তনে এক শোকসভার আয়োজন করে কলকাতার চলচ্চিত্র ক্লাব সিনে সেন্ট্রাল। শোকসভায় উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেন, সাবেক রাজ্যপাল বিচারপতি শ্যামল সেন, চিত্রসমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়, প্রদীপ বিশ্বাস প্রমুখ। মৃণাল সেন তারেক মাসুদের মৃত্যুতে এই উপমহাদেশ একজন কৃতী চিত্রপরিচালক হারাল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে বাংলাদেশের সেরা পরিচালক ছিলেন তারেক মাসুদ। তারেক মাসুদ চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করেছিলেন, দিয়েছিলেন চলচ্চিত্রে নতুন দিকনির্দেশনা।’ আলোচনা সভা শেষে তারেক মাসুদের মাটির ময়না ছবিটি প্রদর্শিত হয়।