
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে আজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। এদিন বিকেলে গ্রেট মাস্টারস অব বাংলাদেশ: জয়নুল আবেদিন বইয়ের প্রকাশনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
গতকাল শনিবার ওই বইয়ের প্রকাশনা ও বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চারুকলা আন্দোলনের পথিকৃৎ ও শিল্প-সংস্কৃতির পুরোধা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষকে সামনে রেখে বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালির আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরা যৌথভাবে বইটি প্রকাশ করেছে। আজ বিকেল চারটায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই বইয়ের প্রকাশনা ও বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘শিল্পাচার্যের ওপর আন্তর্জাতিক মানের বই পেতে যাচ্ছি। প্রথমবার আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্পাচার্যকে আমরা নিয়ে যেতে পারছি। বইতে এমন অনেক ছবি আছে, যেগুলো আগে আমিও দেখিনি। প্রস্তাব রাখব শিল্পাচার্যের ছবি দিয়ে একটি জাদুঘর স্থাপনের।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ২৯ ডিসেম্বর শিল্পাচার্যের শততম জন্মদিন এবং আগামী বছর জন্মশতবার্ষিকী। শিল্পাচার্যের স্ত্রী বেগম জাহানারা আবেদিন তাঁর বক্তব্যে জয়নুল আবেদিনের যে ছবিগুলো বাইরের লোকের কাছে চলে গেছে, তা সংগ্রহ করার চেষ্টা ও খবরাখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
শিল্প সমালোচক অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘জয়নুল আবেদিন প্রথম শিল্পী, যিনি একেবারে খোলামেলা বাস্তবতাকে উপস্থাপন করেছিলেন। শিল্পাচার্যের ছবির নানা রকম নকল হচ্ছে। প্রচুর নকল ছবি আন্তর্জাতিক অনুষ্ঠানেও যাচ্ছে। এটা রোধ করা দরকার। এ কাজে সবাই সচেতন হই।’
লিখিত বক্তব্য পাঠ করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরীর সঞ্চালনায় এ সময় শিল্পাচার্যের ছেলে ময়নুল আবেদিন উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বছরব্যাপী অনুষ্ঠানের মধ্যে ডিসেম্বরে শিল্পাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী, বিভাগীয় শহরে শিল্পাচার্যের কাজ নিয়ে প্রদর্শনী, দেশব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ঢাকায় দুই দিনের সেমিনার, ময়মনসিংহে কারুমেলাসহ নানা আয়োজনের প্রস্তুতি চলছে। আর ৩২০ পৃষ্ঠার ওই বইতে শিল্পাচার্যের চিত্রকর্ম ও তাঁকে নিয়ে তিনটি লেখা ও তাঁর স্ত্রীর সাক্ষাৎকার রয়েছে।