শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৮তম জন্মবার্ষিকী ছিল গতকাল শনিবার। নানা আয়োজনে পালিত হয়েছে তাঁর জন্মদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এ উপলক্ষে জয়নুল উৎসবের আয়োজন করেছে। এতে সহায়তা করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সকালে শিল্পাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জয়নুল আবেদিনের স্ত্রী বেগম জাহানারা আবেদিন, চারুকলা অনুষদের ডিন আবুল বারক আলভীর নেতৃত্বে অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া বেঙ্গল গ্যালারির পক্ষে পরিচালক সুবীর চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে মহাপরিচালক লিয়াকত আলী এবং চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিল্পীর মাগফিরাতের উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।এ ছাড়া শিল্পাচার্যের জন্মদিন উপলক্ষে গত শুক্রবার থেকে তিন দিনের জয়নুল মেলা শুরু হয়েছে চারুকলা অনুষদে। ওই দিন বেগম জাহানারা আবেদিন মেলার উদ্বোধন করেন। অনুষদের আটটি বিভাগের সামনে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শিল্পকর্মের প্রদর্শনী এবং সুলভে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ঐতিহ্যবাহী কারুশিল্পসামগ্রীও রয়েছে মেলায়। এই মেলা আজ শেষ হবে। গতকাল বেলা ১১টায় চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয় আলোচনা ও জয়নুল সম্মাননা প্রদান অনুষ্ঠানের। স্বাগত বক্তৃতা করেন অনুষদের ডিন আবুল বারক আলভী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন এ দেশে শিল্পচর্চা ও শিল্পবোধের ভিত রচনা করেছিলেন। তিনি এমন এক সময় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, যে সময় বাংলাদেশে চিত্রকলা বিষয়ে তেমন কোনো ধারণা ছিল না।’শিল্পাচার্যের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী রফিকুন নবী ও বুলবন ওসমান।এবার চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৫০ বছর পূর্তি হচ্ছে। এই বিভাগের প্রতিষ্ঠালগ্নে নানাভাবে সহায়তা দিয়েছিলেন জাপানের শিল্পী অধ্যাপক কোইচি তাকিতা। এ বছর কোইচি তাকিতা এবং মৃৎশিল্প বিভাগের প্রতিষ্ঠাতা মীর মোস্তফা আলীকে জয়নুল সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। ‘কাজলের দিনরাত্রির’ উদ্বোধনী প্রদর্শনীগতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হলো কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাসের ছায়ায় নির্মিত কাজলের দিনরাত্রি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী। সরকারি অনুদানে এই কিশোর চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সজল খালেদ। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজ।মা-বাবার বিচ্ছেদের পর বাস্তব জীবনকে একজন কিশোর কেমন করে সাহসের সঙ্গে মোকাবিলা করে, সেই বিষয়ই এই চলচ্চিত্রের উপজীব্য।চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, ইরেশ যাকের, শামীম শাহেদ, ঝুনা চৌধুরীসহ একঝাঁক শিশুশিল্পী। কবির বকুলের লেখা গানে সংগীত পরিচালনা করেছেন লাকী আখান্দ্।