শিল্পাচার্যের জন্মশতবর্ষে 'গুরু প্রণাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে বানানো কাগজের ঠোঙা থেকে বেরিয়ে আসছে বিজ্ঞাপনের মডেল। কিন্তু তার মুখের একটি অংশ আলাদা হয়ে যেন উড়ে যাচ্ছে। শিল্পী ফাহাদ হাসানের এই কোলাজ চিত্রের নাম ‘সংযুক্তি’। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে স্থান পেয়েছে এই শিল্পকর্ম।
গত ২৯ ডিসেম্বর নগরের মেহেদিবাগে ‘বিস্তার আর্ট কমপ্লেক্সের’ উদ্বোধনী দিনে চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের ১০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী শুরু হয়। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা মাসুদ।
লম্বা কাপড়ের রোল ঝুলছে ছাদ থেকে মেঝে পর্যন্ত। সাদা কাপড়ে বৃত্তাকার কমপ্যাক্ট ডিস্কের (সিডি) মধ্যে বাঘ, হরিণ, কুমির, সাপসহ নানা প্রাণীর মুখ। সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনাকে বিষয়বস্তু করেছেন শিল্পী সুমিত চক্রবর্তী। ড্রাই পয়েন্টে করা এই ছাপচিত্রের নাম ‘সুন্দরবন ডিস্ক’।
শিল্পী হোসাইন মাহমুদের শিল্পকর্মের শিরোনাম ‘১২১৭’। সাদা পটভূমিতে কালো কালিতে পায়ের ড্রয়িং করেছেন তিনি। রাবারগাছের বীজ দিয়ে নারীর ভাস্কর্য করেছেন মো. সানাউল্লাহ।
সুতা ও তার দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন অপু ধর। ছাদ থেকে মেঝে পর্যন্ত ঝুলিয়ে দেওয়া নানা আকৃতির ও ভঙ্গিমার ফিগার মুগ্ধ করেছে দর্শকদের। ‘রানওয়ে’ শিরোনামে শিল্পকর্মে রিয়াদ মাহমুদ বিশ্বায়নকে বিষয় করেছেন। জুবলী দেওয়ান করেছেন ‘সিচুয়েশন’ শিরোনামে শিল্পকর্ম। আদিবাসীদের ওপর সাম্প্রতিক সময়ে নির্যাতনের ঘটনা সুচিশিল্পে প্রকাশ করেছেন তিনি।
ফারহানা প্রিয়ার করা মিশ্র মাধ্যমের শিল্পকর্মটির শিরোনাম ‘ওভার দ্য উইনডো’। চট, সুতা, বড়শি ও পুতুল ব্যবহার করে করেছেন তিনি এই শিল্পকর্মে। তানিয়া নাজনীনের শিল্পকর্মটিও মিশ্র মাধ্যমে করা। ‘টাইম অ্যান্ড সিটি লাইফ’ শিরোনামের ছবিতে ব্যবহার করেছেন স্ক্রু ও গাছের মরা ডাল। গ্লাস পেইন্ট মাধ্যমে করা সুচয়ন পালের শিল্পকর্মের শিরোনাম ছিল ‘প্রশ্নবোধক’।
প্রদর্শনীর পরিকল্পক শিল্পী জিহান করিম বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষে ‘বিস্তার আর্টস কমপ্লেক্সে’ আয়োজিত এই প্রদর্শনীতে শিল্প শিক্ষার্থীরা মূলত নিরীক্ষাধর্মী কাজ করছেন। এই প্রদর্শনীর পাশাপাশি ‘আমাদের দেখাও বিশ্ব’ শিরোনামে দেশি–বিদেশি আলোচিত্রীর ছবির প্রদর্শনীরও আয়োজন করা হয়। শিল্পদের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটায় বিস্তার আর্ট কমপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম। অতিথি ছিলেন শিল্পসমালোচক আবুল মনসুর, শিল্পী নাজলী লায়লা মনসুর ও বিস্তারের পরিচালক আলম খোরশেদ।