
১৯৪২-৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই সময় ইংরেজ শাসকদের অবহেলা ও উদাসীনতার কারণে সারা বাংলায় দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। গ্রামে-শহরে অগণিত মানুষ। ক্ষুধার তাড়নায় ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কাক ও কুকুরের সঙ্গে বুভুক্ষু মানুষ অখাদ্য-কুখাদ্য খুঁজে ফিরছে ডাস্টবিনে, নর্দমায়। ওই সময়ের তরুণ শিল্পী জয়নুল আবেদিন আঁকলেন দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষপীড়িত মানুষের মর্মস্পর্শী অনেক ছবি ও স্কেচ। সে দুর্ভিক্ষের ঐতিহাসিক দলিল হয়ে রইল এসব ছবি। জয়নুল আবেদিন পরিণত হলেন কিংবদন্তিতে। জয়নুল আবেদিনের শততম জন্মদিন আজ ২৯ ডিসেম্বর। আগামী বছর তাঁর জন্মশতবার্ষিকী।

এ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন বছরব্যাপী কর্মসূচি পালন করবে। গতকাল বিকেলে বেঙ্গল গ্যালারিতে এ কর্মসূচির আওতায় শুরু হয়েছে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী।
জয়নুল আবেদিন ও তাঁর পরিবারের ১২ সদস্যের আঁকা ছবি নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর শিরোনাম ‘শিল্পাচার্যের প্রসারিত শিল্পাঙ্গন’। শনিবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বেগম জাহানারা আবেদিন, শিল্পী মুস্তাফা মনোয়ার ও শিল্পী মিজানুর রহিম। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন জয়নুল আবেদিন, শফিকুল আমিন, জুনাবুল ইসলাম, আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম, মিজানুর রহিম, ময়নুল আবেদিন, সামিনা নাফিস, মো. আফজালুর রহিম, আরিফ আহমেদ, মাসুদ মিজান ও মানিজে আবেদিন।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পাচার্যের ১৭টিসহ মোট ৭৩টি চিত্রকর্ম। এর মধ্যে রয়েছে সাঁওতাল দম্পতির বিখ্যাত একটি ছবি: সবুজ আচ্ছাদিত অরণ্য, মাঠ। মেঠোপথ। নিজস্ব পোশাকে সাঁওতাল পুরুষ, মাথার ওপর বেতের তৈরি বড় টুপি।
পাশে তাল মিলিয়ে পা ফেলছে সাঁওতাল নারী। রয়েছে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর আঁকা জয়নুলের জাদুকরি রেখার অনবদ্য কয়েকটি ধারাবাহিক চিত্রকর্ম। অভুক্ত মানুষের দুর্বিষহ জীবনের নির্মমতা উঠে এসেছে শিল্পাচার্যের রং-তুলি কিংবা পেন্সিলের ছোঁয়ায়। আছে ‘টু ফেস’ বা ‘দুটি মুখ’ শিরোনামের জয়নুলের আঁকা শেষ ছবিটিও। তাঁর মৃত্যুর মাত্র কয় দিন আগে হাসপাতালে শুয়ে তিনি তাঁর নিজস্ব ঢঙে শেষ ছবিটি আঁকেন ‘দুটো মুখ’। বলিষ্ঠ মোটা রেখা, কালো কালি আর মোম ব্যবহার করা হয়েছে এতে। প্রদর্শনীতে জয়নুলের ছবিগুলো আনা হয়েছে তাঁর সহধর্মিণী জাহানারা আবেদিনের সংগ্রহশালা থেকে। প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের চিত্রকলার বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবার নাম তমিজউদ্দিন আহমেদ ও মা জয়নাবুন্নেছা। ব্রহ্মপুত্র নদের অববাহিকার শান্ত, সুনিবিড় পরিবেশে তিনি বেড়ে উঠেছেন।
১৯৪৮ সালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা তাঁর জীবনের এক মহান কীর্তি। এর মাধ্যমে দেশে প্রাতিষ্ঠানিকভাবে আধুনিক শিল্পচর্চার যাত্রা শুরু হয়। শুধু ইনস্টিটিউট প্রতিষ্ঠাই নয়, শিল্পশিক্ষার একটি উন্নত প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তোলার ব্যাপারেও তিনি নিরলস পরিশ্রম করে গেছেন।
প্রতিষ্ঠাকাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। মৃত্যু অবধি তিনি এ দেশের চিত্রকলা জগেক নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৬ সালের ২৮ মে তিনি মাত্র ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।