শিল্পী আনিসুজ্জামানের দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপচিত্রে এ বছর দুটি মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কার পেলেন শিল্পী আনিসুজ্জামান।চীনের সেনজেন প্রদেশের গুয়ানলান শহরে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক দ্বিবার্ষিক প্রদর্শনীতে তাঁর ‘বহুবর্ণিল জটিলতা-১৬’ নামের কাঠখোদাই মাধ্যমের ছাপচিত্রটি পেয়েছে ‘গুয়ানলান ইন্টারন্যাশনাল প্রিন্ট প্রাইজ’। গত ১২ মে থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীর জন্য ৪৬টি দেশের শিল্পীদের ৫১৩টি শিল্পকর্ম জমা পড়ে। চূড়ান্ত বাছাইয়ের পর প্রদর্শিত হয় ২৪৮টি শিল্পকর্ম। প্রদর্শনীতে মোট ১৫ জন শিল্পীকে একই মানের পুরস্কার দেওয়া হয়েছে।শিল্পী আনিসুজ্জামান অন্য পুরস্কারটি পেয়েছেন ভারতের ভোপালে অনুষ্ঠিত ‘নবম ভারত ভবন আন্তর্জাতিক দ্বিবার্ষিক ছাপচিত্র প্রদর্শনী’তে। গত ১৬ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ৪০টি দেশের শিল্পীর বিভিন্ন মাধ্যমের দুই শতাধিক ছাপচিত্রকলা প্রদর্শিত হয়। এতে তাঁর ‘বহুবর্ণিল জটিলতা-১৮’ নম্বর শিল্পকর্মটি সম্মানসূচক পুুরস্কার লাভ করে। আনিসুজ্জামান এখানে পর পর দুটি প্রদর্শনীতে পুরস্কার পেলেন। এর আগে ২০০৮ সালে অনুষ্ঠিত ‘অষ্টম ভারত ভবন আন্তর্জাতিক দ্বিবার্ষিক ছাপচিত্র প্রদর্শনী’তেও সম্মানসূচক পুরস্কার পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামানের জাপানি রীতির কাঠখোদাই মাধ্যমের ছাপচিত্র দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র, জাপান, ভারতসহ দেশ-বিদেশে তাঁর ১২টি একক প্রদর্শনী হয়েছে। অংশ নিয়েছেন শতাধিক যৌথ প্রদর্শনীতে। রবীন্দ্রভারতী থেকে তিনি এমএফএ ডিগ্রি নিয়েছেন; উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন জাপানে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় বিভিন্ন বৃত্তিতে আবাসিক শিল্পী হিসেবে ছাপচিত্রের ওপর কাজ করেছেন।আনিসুজ্জামান ২০০৪ সালে জাতীয় চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার, ২০০৯ সালে ত্রয়োদশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পদক পেয়েছেন।