শিল্পী আমিনুল ইসলামের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টকটকে লাল পাঞ্জাবি গায়ে, মাথায় শুভ্র কেশ। মুখে মৃদু হাসির আভাস। ছবি হয়ে আছেন শিল্পী আমিনুল ইসলাম। সেই ছবির সামনে দাঁড়িয়েই তাঁর সুহূদ, সহযাত্রীরা মোড়ক উন্মোচন করলেন তাঁকে নিয়ে লেখা গ্রন্থের। গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শিল্পী আমিনুল ইসলামের ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান হলো গ্রন্থ প্রকাশ, আলোচনা ও সংগীতের মধ্যে দিয়ে। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত অনন্য আমিনুল ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক বোরহানউদ্দিন খান ও শিল্পীর স্ত্রী রুবি ইসলাম। তাঁদের সঙ্গে আলোচনাপর্বে আরও অংশ নিয়েছিলেন শিল্পী আবু তাহের। বইটি সম্পাদনা করেছেন আবুল হাসানাত।স্মৃতিচারণা ও কাজের মূল্যায়নের মধ্য দিয়ে এগিয়েছে আলোচনাপর্ব। বক্তারা বলেন, শিল্পী আমিনুল ইসলাম ছিলেন এই অঞ্চলের প্রথম প্রজন্মের শীর্ষ শিল্পী ও আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর শিল্প সাধনা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্প ভুবনকে সমৃদ্ধ করেছে। শিল্পকর্ম ছাড়াও সাহিত্য ও সংগীতে গভীর আগ্রহ ছিল আমিনুল ইসলামের। প্রথম জীবনে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অত্যন্ত বৈচিত্র্যময় ছিল তাঁর কাজ। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন, ভাস্কর্যও করছেন। কোনো নির্দিষ্ট গণ্ডির সীমায় নিজেকে আবদ্ধ রাখেননি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শামা রহমান ও বুলবুল ইসলাম।শিল্পী আমিনুল ইসলাম ১৯৩১ সালের ৭ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি আর্ট ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৫৩ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৫৩-৫৬ পর্যন্ত তিনি ইতালির ফ্লোরেন্সের একাডমি-দ্য-বেল আর্তিতে চারুকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে ফ্লোরেন্স থেকে ফিরে এসে ঢাকা আর্ট ইনস্টিটিউটে শিক্ষকতায় যোগ দেন এবং ১৯৮৩ সালে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর নেন। ১৯৫৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশে এবং বিদেশে তাঁর ১০টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। সমীর আইচের প্রদর্শনীঢাকা আর্ট সেন্টারে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতীয় শিল্পী সমীর আইচের ১১ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। বিকেল পাঁচটায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন মিজারুল কায়েস ও অঞ্জন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ই এইচ এম মতলুব আলী। শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ শিল্পীর চিত্রকর্ম নিয়ে আলোচনা করবেন।প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।আবু জাফর সিদ্দিকী স্মরণসভাবিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক আবু জাফর সিদ্দিকীর স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই স্মরণসভায় সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর।বহু বাসনায় প্রাণপণে চাইআবৃত্তি সংগঠন উদ্ভাস আজ বৃহস্পতিবার আয়োজন করেছে আবৃত্তিশিল্পী তামান্না তিথির একক আবৃত্তিসন্ধ্যা। বহু বাসনায় প্রাণপণে চাই নামের এই আবৃত্তি অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।শিশু কাননের পুরস্কার বিতরণআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৩০ মার্চ অনুষ্ঠিত শিশু কানন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে বেঙ্গলী মিডিয়াম হাইস্কুলে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে শিশুচিত্র প্রদর্শনী ও শিশুদের আঁকা রঙিন ছবির বইয়ের প্রকাশনা উৎসবও হবে। অনুষ্ঠানের সময় সকাল ১০টা থেকে বেলা একটা। বিজ্ঞপ্তি।