শিল্পী আমিনুল ইসলামের নামে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম প্রজন্মের শিল্পী এবং আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম প্রধান পথিকৃৎ আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিবার্ষিক ভিত্তিতে চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য দুজন তরুণ শিল্পীকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের প্রতিটির মূল্যমান এক লাখ টাকা। ২২ থেকে ৪০ বছর বয়সী শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা আহ্বান ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে পুরস্কারের জন্য শিল্পীদের মনোনীত করা হবে। প্রতিযোগিতা আহ্বান, প্রদর্শনী আয়োজনসহ পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বেঙ্গল ফাউন্ডেশন। শিল্পীর পরিবারের পক্ষ থেকে এই পুরস্কারের জন্য এককালীন ১০ লাখ টাকা স্থায়ী আমানত হিসেবে প্রদান করা হয়েছে। পুরস্কারের অর্থ ছাড়া অন্যান্য ব্যয় বহন করবে বেঙ্গল ফাউন্ডেশন। চলতি বছর থেকেই এই পুরস্কার প্রদান কার্যক্রম শুরু হবে।গতকাল রোববার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে শিল্পীর পরিবার এবং বেঙ্গল ফাউন্ডেশনের মধ্যে এ ব্যাপারে একটি সম্মতি স্মারক স্বাক্ষরিত হয়। শিল্পীর পরিবারের পক্ষে তাঁর স্ত্রী রুবি ইসলাম এবং বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আমিনুল ইসলামের জীবন, সাধনা ও বহুমাত্রিক অবদান সম্পর্কে আলোচনা করেন শিল্পী মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান ও রফিকুন নবী। এ ছাড়া বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, রুবি ইসলাম ও লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালন করেন বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী।‘তার আলো তার ছায়া’ আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের ৬০তম জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় গ্যালারি নিত্য উপহারে মুনেম ওয়াসিফের নেওয়া নাসির আলী মামুনের সাক্ষাৎকারভিত্তিক বই তার আলো তার ছায়ার প্রকাশনা অনুষ্ঠান। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। অনুষ্ঠানের আয়োজন করেছে বইনিউজ২৪ডটকম।