শিল্পী ঢালী আল মামুনকে ব্যাংকক পাঠানো হচ্ছে
উন্নত চিকিত্সার জন্য ব্যাংকক পাঠানো হচ্ছে শিল্পী ঢালী আল মামুনকে। তাঁর বন্ধু এবং স্বজনদের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। এয়ার এম্বুলেন্সে করে আগামী দুয়েক দিনের মধ্যেই ঢালী আল মামুনকে বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।শিল্পী ঢালী আল মামুন এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পী ঢালী আল মামুনের শারীরিক অবস্থা এখনো সংকাটাপন্ন। তাঁর ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাই আজ মঙ্গলবার বিকল্প উপায়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হচ্ছে। আগেই জানানো হয়েছে, শিল্পী ঢালী আল মামুনের দাঁত উপড়ে গেছে, চোয়ালের দুই হাড় ও পাঁজরের আটটি হাঁড় ভেঙ্গে গেছে।গত ১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শিল্পী ঢালী আলম মামুন। একই দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর।